iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

থানা চত্বরে দুষ্কৃতী তাণ্ডব, বোনের সামনেই ভাইকে বেধড়ক মারধর, আটক দুই

আগরতলা, ৭ মে: রাজধানী আগরতলায় নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি) থানা চত্বরে প্রকাশ্য দিবালোকে জনৈক যুবককে বেধড়ক মারধরের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বোনকে ধাক্কা মারার প্রতিবাদ করতেই ট্রাকচালক ও তার সহযোগীদের হামলার শিকার হন ওই যুবক। ঘটনায় পুলিশ দুই অভিযুক্তকে আটক করেছে।

আহত যুবকের নাম প্রসূন বিশ্বাস। তিনি জানান, বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ তিনি তাঁর টিআইটি-তে পড়ুয়া বোনকে বাইকে করে ইন্দ্রনগর থেকে গোয়ালা বস্তি এলাকায় নামিয়ে দেন। সেখান থেকে তাঁর বোন কলেজে যাওয়ার জন্য অটোর অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন।

ঠিক সেই সময় একটি মাটি বোঝাই কেন্টার গাড়ি এসে রাস্তার পাশে দাঁড়ায়। গাড়িটি দেখে ছাত্রীটি মূল রাস্তা থেকে কিছুটা দূরে সরে যান। অভিযোগ, এরপর হঠাৎ করেই ট্রাকটি ব্যাক গিয়ারে এসে ছাত্রীটিকে ধাক্কা মারে। যদিও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ঘটনাটি দেখে প্রসূন বিশ্বাস গাড়িচালকের কাছে বেপরোয়া ভাবে গাড়ি চালানোর কারণ জানতে চান। অভিযোগ, এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ট্রাকচালক ও গাড়িতে থাকা কয়েকজন শ্রমিক। তাঁরা প্রসূনের উপর চড়াও হওয়ার চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রসূনের বোন সেখানে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশের সাহায্য চান। পরে ওই পুলিশ তাঁদের এনসিসি থানায় গিয়ে লিখিত অভিযোগ জানানোর পরামর্শ দেন।

সেই অনুযায়ী ভাই-বোন এনসিসি থানায় গিয়ে পুরো ঘটনা লিখিতভাবে জানান। কিন্তু অভিযোগ দায়ের করে থানা থেকে বের হওয়ার সময়ই ফের হামলার শিকার হন প্রসূন। অভিযোগ, সংশ্লিষ্ট ট্রাকচালক আরও ৭-৮ জন শ্রমিককে নিয়ে থানার সামনেই প্রসূনের উপর ঝাঁপিয়ে পড়ে বেধড়ক মারধর চালায়।

বোনের সামনেই ভাইকে মারধর করতে দেখে আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন ওই ছাত্রী। তাঁর চিৎকার শুনে থানার ভেতর থেকে মহিলা পুলিশ কর্মীরা ছুটে আসেন। পরে এনসিসি থানার ওসি সহ অন্যান্য পুলিশ কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

দুষ্কৃতীদের হামলায় আহত প্রসূন বিশ্বাসকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করেছে। তবে এই ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে পুলিশের অনুমান।

রাজধানীর একটি থানার চত্বরে দিনের আলোয় এভাবে দুষ্কৃতীদের হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *