তেলিয়ামুড়া, ১৩ জুন : খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত চাকমাঘাট মুসলিমবস্তি এলাকায় মাটি ধসের মর্মান্তিক ঘটনায় দুই যুবকের মৃত্যু এবং একজনের গুরুতর আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনার খবর পেয়ে রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে গিয়ে নিহতদের পরিবারের সদস্য ও আত্মীয়-পরিজনদের সঙ্গে সাক্ষাৎ করেন।
হাসপাতালে গিয়ে মন্ত্রী নিহত জেমস জমাতিয়া ও আশাহরী জমাতিয়ার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলিকে আশ্বস্ত করে বলেন, এই দুঃসময়ে রাজ্য সরকার তাঁদের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে।
পরে তেলিয়ামুড়া মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী প্রশাসনের পক্ষ থেকে রাজ্য দুর্যোগ ত্রাণ তহবিলের আওতায় নিহত দুই যুবকের পরিবারের হাতে ৪ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দ্রুত সহায়তা পৌঁছে দিতে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
উল্লেখ্য, শনিবার সকালে চাকমাঘাট মুসলিমবস্তি এলাকায় হঠাৎ মাটি ধসে পড়ে। ঘটনায় ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয় এবং অমূল্যধন জমাতিয়া নামে আরও এক যুবক গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবিলা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়।
গুরুতর আহত অমূল্যধন জমাতিয়াকে প্রথমে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা চাকমাঘাট ও তেলিয়ামুড়া এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

