iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

শেষ লগ্নেও ২০ নম্বর ওয়ার্ডে প্রচারে মুখ্যমন্ত্রী, রত্না দত্তের জয় নিয়ে আশাবাদী বিজেপি

আগরতলা, ২৪ নভেম্বর : আগরতলা পুর নিগমের নির্বাচনের প্রচারের শেষ মুহূর্তে ২০ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রচারে বাড়তি গতি সঞ্চার করতে ফের ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। মঙ্গলবার আগরতলা পুর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রত্না দত্তের সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে অংশ নেন তিনি। মুখ্যমন্ত্রীর এই প্রচারকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিশেষ করে মহিলা কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এদিন ২০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং বিজেপি প্রার্থী রত্না দত্তের সমর্থনে ভোট প্রার্থনা করেন। প্রচার চলাকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রার্থী রত্না দত্ত সহ বিজেপির প্রচুর সংখ্যক মহিলা কর্মী ও সমর্থক। পাড়ায় পাড়ায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা পরিলক্ষিত হয়।

প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, অন্যান্য দিনের মতো এদিনও ২০ নম্বর ওয়ার্ডে প্রচারে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষের মধ্যে বিজেপিকে ঘিরে যথেষ্ট উৎসাহ রয়েছে বলেও দাবি করেন তিনি। আসন্ন নির্বাচনে বিজেপি প্রার্থী রত্না দত্ত ভালো ফলাফল করবেন বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ওয়ার্ডের নির্বাচকমণ্ডলীর প্রতি রত্না দত্তের সমর্থনে ভোট দেওয়ার আবেদন জানান তিনি।

মুখ্যমন্ত্রীর এই ধারাবাহিক প্রচার কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নানা আলোচনা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, তিনিও দলের বাইরে নন। দলীয় সিদ্ধান্ত ও নির্দেশ অনুসারেই তিনি নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করছেন। অর্থাৎ, পুর নির্বাচনে দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করতে বিজেপির সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী প্রচারের ময়দানে সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি।

উল্লেখ্য, আগরতলা পুর নিগমের ২০ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী রত্না দত্তের সমর্থনে এই নিয়ে ছয় দিন প্রচারে অংশগ্রহণ করলেন মুখ্যমন্ত্রী। একই ওয়ার্ডে মুখ্যমন্ত্রীর বারবার প্রচারে অংশগ্রহণের বিষয়টি ঘিরে বিরোধী রাজনৈতিক মহলে ইতিমধ্যেই নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। কেন একটি নির্দিষ্ট ওয়ার্ডে মুখ্যমন্ত্রীকে বারবার প্রচারে নামতে হচ্ছে, তা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

অন্যদিকে, বিরোধীদের এই জল্পনা-কল্পনার মধ্যেই এদিনও মুখ্যমন্ত্রীর প্রচারকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। নির্বাচনের শেষ লগ্নে মুখ্যমন্ত্রীর ধারাবাহিক উপস্থিতি ২০ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রচারে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়। আগামী ২৭ নভেম্বরের ভোটে রত্না দত্তের ভাগ্য নির্ধারণ করবেন ওয়ার্ডের ভোটাররা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *