iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

জনবিরোধী সরকারকে হঠাতে উদগ্রীব জনগণ, দাবি কংগ্রেস বিধায়ক গোপাল রায়ের

আগরতলা, ২৪ নভেম্বর : জনবিরোধী সরকারকে ক্ষমতাচ্যুত করতে জনগণ উদগ্রীব হয়ে রয়েছেন। আসন্ন আগরতলা পৌর নিগমসহ রাজ্যের সবকটি নগর সংস্থার নির্বাচনে তার প্রতিফলন দেখা যাবে। শাসক দল বিজেপিও মানুষের এই ক্ষোভের আঁচ পেয়েছে। তাই নির্বাচনী প্রচারে একের পর এক মন্ত্রীকে মাঠে নামাতে হচ্ছে। মঙ্গলবার আগরতলা পুর নিগমের ২২ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী সঞ্জীব দেববর্মার সমর্থনে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারে অংশ নিয়ে এমনই দাবি করলেন বনমালীপুর কেন্দ্রের কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়।

উল্লেখ্য, আগরতলা পুর নিগমের ২২ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সঞ্জীব দেববর্মা। মঙ্গলবার সরব নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তে প্রার্থীর সমর্থনে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন বিধায়ক গোপাল চন্দ্র রায়। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় কংগ্রেস নেতা, কর্মী ও সমর্থকরা। প্রচার চলাকালীন তাঁরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং কংগ্রেস প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান।

নির্বাচনী প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক গোপাল চন্দ্র রায় বলেন, বর্তমান সরকারের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছে। মানুষ এই সরকারের পরিবর্তন চাইছেন। তাঁর দাবি, জনগণের মনোভাব বুঝতে পেরেই বিজেপি ২২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে রাজ্য মন্ত্রিসভার প্রায় অর্ধডজন মন্ত্রীকে নামিয়েছে। একটি ওয়ার্ডে এত সংখ্যক মন্ত্রীর প্রচারে অংশ নেওয়ার বিষয়টি শাসক দলের রাজনৈতিক উদ্বেগেরই বহিঃপ্রকাশ বলে কটাক্ষ করেন তিনি।

বিধায়কের অভিযোগ, আগরতলা শহরের নাগরিকদের কাছ থেকে নিয়মিত বিভিন্ন ধরনের কর আদায় করা হলেও তাঁরা ন্যূনতম নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। মানুষ কর দিয়েও পর্যাপ্ত পানীয় জল পাচ্ছেন না। শহরে মশার উপদ্রব কমানোর জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে দাবি করা হলেও সেই অর্থের যথাযথ হিসাব কোথায়, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য, এত অর্থ বরাদ্দের পরও শহরের বিভিন্ন এলাকায় মশার উপদ্রব কমার পরিবর্তে ক্রমশ বেড়েই চলেছে। ফলে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এছাড়াও সামাজিক ভাতা প্রদান এবং প্রধানমন্ত্রী আবাস যোজনাকে কেন্দ্র করে শাসক দল রাজনীতি করছে বলে অভিযোগ করেন গোপাল চন্দ্র রায়। তাঁর দাবি, সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রেও রাজনৈতিক বিবেচনাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের প্রকৃত সমস্যা সমাধানের পরিবর্তে বিভিন্ন প্রকল্পকে নির্বাচনী প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

২২ নম্বর ওয়ার্ডের নাগরিক সমস্যার প্রসঙ্গ তুলে বিধায়ক আরও বলেন, ওয়ার্ডের বিভিন্ন এলাকার রাস্তাঘাট দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। একাধিক রাস্তা খানাখন্দে ভরে গেলেও সময়মতো সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না। একইভাবে এলাকার নর্দমাগুলিও নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না। এর ফলে নিকাশি ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় সমস্যা তৈরি হচ্ছে।

অথচ অন্যদিকে জমির কর এবং বিদ্যুতের বিল ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ তাঁর। নাগরিকদের কাছ থেকে কর ও বিল আদায়ের ক্ষেত্রে কোনও শিথিলতা না থাকলেও পরিষেবা প্রদানের ক্ষেত্রে প্রশাসনের যথেষ্ট উদাসীনতা রয়েছে বলে কটাক্ষ করেন বিধায়ক। এই বেহাল নাগরিক পরিষেবাকেই উন্নয়ন হিসেবে তুলে ধরে শাসক দল নির্বাচনে ভোট চাইছে বলেও অভিযোগ করেন তিনি।

সব মিলিয়ে ২২ নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচারে নাগরিক পরিষেবার বেহাল দশা, করের বোঝা, পানীয় জলের সংকট এবং মশার উপদ্রবের মতো বিষয়গুলিকেই প্রধান হাতিয়ার করেছে কংগ্রেস। এসব সমস্যার সমাধানে পরিবর্তনের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়ে কংগ্রেস প্রার্থী সঞ্জীব দেববর্মার সমর্থনে প্রচার চালান বিধায়ক গোপাল চন্দ্র রায়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *