iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

রহিমপুর বাজারে যৌথ বাহিনীর ঝটিকা অভিযান, শাটার ভেঙে উদ্ধার নিষিদ্ধ শব্দবাজি ও রেডবুল

বক্সনগর, ২৪ নভেম্বর : নিষিদ্ধ শব্দবাজি ও বিভিন্ন অবৈধ সামগ্রীর বিরুদ্ধে এবার বড়সড় অভিযানে নামল বিএসএফ, কাস্টমস ও পুলিশ। মঙ্গলবার দুপুরে রহিমপুর বাজারের একাধিক দোকানে যৌথভাবে ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি, রেডবুল সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। এই অভিযানকে কেন্দ্র করে গোটা বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে বিএসএফ, কাস্টমস ও পুলিশের আধিকারিকদের উপস্থিতিতে রহিমপুর বাজারে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বাজারের একাধিক দোকানকে চিহ্নিত করে শুরু হয় তল্লাশি অভিযান। অভিযোগ, অভিযান চলাকালীন প্রায় ১০- ১৫টি দোকানের শাটার ভেঙে ভিতরে প্রবেশ করে তল্লাশি চালানো হয়। যৌথ বাহিনীর এই আকস্মিক অভিযানে স্বাভাবিকভাবেই বাজার এলাকায় ব্যাপক উত্তেজনা ও কৌতূহলের সৃষ্টি হয়।

তল্লাশির সময় দোকানগুলির ভিতর থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করা হয় বলে জানা গেছে। পাশাপাশি রেডবুল সহ আরও বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর পরিমাণ এবং সেগুলির উৎস সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি। তবে বাজারের একাধিক দোকানে একযোগে এই ধরনের অভিযান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয় মহলের একাংশ।

এদিকে, যৌথ বাহিনীর এই অভিযানকে ঘিরে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কী কারণে নির্দিষ্ট দোকানগুলিকে লক্ষ্য করে এই অভিযান চালানো হলো, উদ্ধার হওয়া সামগ্রী কোথা থেকে আনা হয়েছিল এবং সেগুলি মজুত রাখার পিছনে কোনও বড় চক্রের যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।

অন্যদিকে, অভিযান শেষে উদ্ধার হওয়া সামগ্রীর সম্পূর্ণ বিবরণ এবং এ ঘটনায় কোনও দোকান মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কি না, সে সম্পর্কে প্রশাসনের তরফে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। ফলে রহিমপুর বাজারের এই যৌথ অভিযান ঘিরে রহস্য ও চর্চা অব্যাহত রয়েছে। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *