iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

উন্নয়নের হাত ধরেই বিজেপির শক্তি ১০ গুণ বেড়েছে, পুর ও নগর ভোটে বিরাট জয়ের প্রত্যয় মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৪ নভেম্বর : সরকারের উন্নয়নমূলক কাজের উপর ভিত্তি করেই বিজেপির প্রতি মানুষের আস্থা ও উচ্ছ্বাস ক্রমশ বেড়েছে। ২০১৮ সালের তুলনায় বর্তমানে রাজ্যে বিজেপির শক্তি প্রায় ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। মানুষের এই উচ্ছ্বাস ও জনসমর্থনই আসন্ন নগর নির্বাচনে বিজেপির বিরাট জয়ের বুনিয়াদ তৈরি করেছে। পুর ও  নগর ভোটের প্রচারে নেমে এমনই প্রত্যয় ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

আগরতলা পুর নিগম নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আটটি ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। প্রতাপগড় মণ্ডল বিজেপির উদ্যোগে বনকুমারির নেতাজি সংঘ মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

জনসভায় উপস্থিত ছিলেন প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের আটটি ওয়ার্ডের নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্য বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ রেবতী মোহন দাস, প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী মৌসুমী দাস-সহ আটটি ওয়ার্ডের বিজেপি প্রার্থীরা এবং দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অতীতের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা টেনে বলেন, ২০১৮ সালে তিনি যখন রাজ্যের পৃষ্ঠা প্রমুখ প্রভারী হিসেবে দায়িত্ব পালন করতেন, তখন প্রতাপগড়ে ছয় থেকে সাতবার এসেছিলেন। সেই সময়কার পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতির মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। তাঁর দাবি, বর্তমানে প্রতাপগড়ের পাশাপাশি গোটা রাজ্যেই বিজেপির সাংগঠনিক শক্তি ও জনভিত্তি অনেক বেশি মজবুত হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, পুর ও  নগর নির্বাচনকে কেন্দ্র করে তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন। প্রতিটি জায়গাতেই সাধারণ মানুষের মধ্যে বিজেপিকে ঘিরে ব্যাপক উৎসাহ ও সমর্থন লক্ষ্য করেছেন। এমনকি ২০২১ সালের পুর ও নগর নির্বাচনেও বিজেপির পক্ষে মানুষের মধ্যে এই ধরনের উচ্ছ্বাস ও জনসমর্থন দেখা যায়নি বলে দাবি করেন তিনি।

তাঁর বক্তব্য, বিজেপি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফলেই মানুষের মধ্যে দলের প্রতি বিশ্বাস ও ভরসা বেড়েছে। উন্নয়নের ধারাবাহিকতা এবং সরকারের কাজের উপর আস্থা রেখেই সাধারণ মানুষ বিজেপির পাশে দাঁড়াচ্ছেন। ২০১৮ সালের তুলনায় বর্তমানে বিজেপির শক্তি প্রায় ১০ গুণ বৃদ্ধি পেয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। মানুষের এই স্বতঃস্ফূর্ত সাড়া, উন্মাদনা এবং উচ্ছ্বাস আগামী পুর ও নগর নির্বাচনে বিজেপির বড়সড় জয়ের ইঙ্গিত দিচ্ছে বলে তিনি মনে করেন।

এদিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরীও বিজেপির জয়ের ব্যাপারে আশা ব্যক্ত করেন। তিনি জানান, প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আটটি ওয়ার্ডের নির্বাচনী পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকে প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় তিনি গিয়েছেন। বাড়ি বাড়ি জনসংযোগের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের মনোভাব বোঝার চেষ্টা করেছেন। তাঁর দাবি, প্রতিটি এলাকাতেই বিজেপির প্রতি মানুষের ব্যাপক সাড়া ও ইতিবাচক মনোভাব লক্ষ্য করা গেছে।

মন্ত্রী আরও বলেন, নির্বাচনী প্রচারে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিজেপির প্রতি তাঁদের সমর্থন দলীয় কর্মীদের আরও উৎসাহিত করেছে। এই জনসমর্থনের ভিত্তিতে আসন্ন পুর ও নগর নির্বাচনে বিজেপির বিরাট জয় এখন শুধু সময়ের অপেক্ষা বলে তিনি মন্তব্য করেন।

সব মিলিয়ে প্রতাপগড়ের বনকুমারিতে বিজেপির এই নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। জনসভার মঞ্চ থেকে উন্নয়ন ও জনসমর্থনকে হাতিয়ার করে নগর নির্বাচনে জয়ের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ও মন্ত্রী সুশান্ত চৌধুরী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *