আগরতলা, ২ অক্টোবর : জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষয়ে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সকালে কংগ্রেস ভবনের সামনে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। পাশাপাশি শহিদ বেদিতেও পুষ্পার্ঘ্য অর্পণ করে দেশের স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদান দেওয়া শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
গান্ধীজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন। মহাত্মা গান্ধীর জীবন, স্বাধীনতা আন্দোলনে তাঁর ভূমিকা এবং অহিংসার আদর্শকে স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, মহাত্মা গান্ধীর জন্মদিনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। দেশের স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, গান্ধীজি ছিলেন অহিংসার প্রতীক। সত্য, অহিংসা ও মানবতার যে আদর্শ তিনি প্রতিষ্ঠা করে গিয়েছেন, তা আজও শুধু ভারত নয়, সমগ্র বিশ্বের কাছে প্রাসঙ্গিক।
তিনি বলেন, মহাত্মা গান্ধীর চিন্তাধারার অন্যতম মূল ভিত্তি ছিল সাধারণ মানুষের অধিকার, সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক ন্যায় এবং গণতান্ত্রিক মূল্যবোধ। তাঁর আদর্শকে অনুসরণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে।
তবে বর্তমান শাসনব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রদেশ কংগ্রেস সভাপতি অভিযোগ করেন, মহাত্মা গান্ধীর স্বপ্ন ও আদর্শের পাশাপাশি দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক কাঠামোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁর বক্তব্য, দেশের সংবিধান ও গণতন্ত্রকে সুরক্ষিত রাখা সকলের দায়িত্ব।
এক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি সামাজিক সংগঠন, বুদ্ধিজীবী এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আশীষ কুমার সাহা। তিনি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক অধিকার রক্ষায় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। গান্ধীজির আদর্শকে সামনে রেখে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পথে এই দায়িত্ব পালন করতে হবে। এদিনের কর্মসূচিতে কংগ্রেস নেতৃত্ব মহাত্মা গান্ধীর আদর্শ ও তাঁর দেখানো অহিংসার পথ অনুসরণের অঙ্গীকারও ব্যক্ত করেন।

