আগরতলা, ২৩ নভেম্বর : পুর ও নগর নির্বাচনের প্রাক্কালে রাজধানী আগরতলায় বিজেপির কথিত ‘মাস্ক বাহিনী’র মিছিলকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তেজনা ক্রমশ বাড়ছে। একদিকে এই মিছিলের বিরুদ্ধে সরব হয়েছে প্রদেশ কংগ্রেস। অন্যদিকে, বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসনের ভূমিকা, সুয়োমোটু মামলা গ্রহণ না করা এবং নির্বাচনের আগে ভোটারদের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে কংগ্রেস। পাশাপাশি, গোটা ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীও জানিয়েছেন, বিষয়টি নিয়ে দলের সঙ্গে আলোচনা হয়েছে এবং রিপোর্ট চাওয়া হয়েছে। শুধু দলীয় স্তরেই নয়, অন্যভাবেও গোটা ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
আসন্ন আগরতলা পুর নিগমসহ রাজ্যের ১৬টি নগর সংস্থার নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। এর মধ্যেই নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা এবং সম্প্রতি রাজধানীতে বিজেপির ‘মাস্ক বাহিনী’র মিছিল নতুন করে উদ্বেগের পরিস্থিতি তৈরি করেছে। বিরোধীদের অভিযোগ, এই ধরনের মিছিলের মাধ্যমে সাধারণ ভোটারদের মনে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে। বিশেষ করে অতীতের নগর নির্বাচনের অভিজ্ঞতার কথা মাথায় রেখে ভোটারদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে কংগ্রেস।
বিজেপির কথিত মাস্ক বাহিনীর মিছিলের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবিতে রবিবার প্রদেশ কংগ্রেসের একটি প্রতিনিধি দল সংশ্লিষ্ট মহকুমা পুলিশ আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করে। মিছিলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করা এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়। সোমবার এই বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
তিনি ২০২১ সালের নগর নির্বাচনের সময় রাজ্যের বিভিন্ন এলাকায় সংঘটিত ভোট সন্ত্রাসের প্রসঙ্গ তুলে ধরে অভিযোগ করেন, সেই সময়ের ভয়াবহ অভিজ্ঞতা এখনও মানুষের স্মৃতিতে রয়েছে। তাঁর বক্তব্য, নির্বাচনের আগে দুষ্কৃতীদের মুখে মাস্ক ও মাথায় টুপি পরিয়ে রাস্তায় নামানোর উদ্দেশ্যই হচ্ছে সাধারণ ভোটারদের মনে ভীতির পরিবেশ তৈরি করা। গণতান্ত্রিক নির্বাচনে এ ধরনের ঘটনা কোনওভাবেই কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে গোটা ঘটনাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর বক্তব্য, প্রকাশ্যে এ ধরনের মিছিল সংঘটিত হওয়ার পরও পুলিশ প্রশাসন কেন স্বতঃপ্রণোদিত হয়ে সুয়োমোটু মামলা গ্রহণ করেনি, তা অত্যন্ত উদ্বেগজনক। কোনও রাজনৈতিক দলের অভিযোগের অপেক্ষায় না থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিজের উদ্যোগেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল বলে মনে করছে কংগ্রেস। এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসনের নীরবতা ভেঙে দ্রুত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনের হস্তক্ষেপও দাবি করেছেন আশীষ কুমার সাহা। তাঁর দাবি, অবাধ, শান্তিপূর্ণ ও ভয়মুক্ত নির্বাচন নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
এদিকে, বিজেপির মাস্ক বাহিনীর মিছিল নিয়ে সোমবার সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, এ ব্যাপারে দলের সঙ্গে কথা বলেছেন তিনি। দল বিষয়টি দেখছে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘আমরা এগুলো করতে চাই না। এ সমস্ত ব্যাপারে আমরা প্রশ্রয় দিই না।’’ গোটা ঘটনা সম্পর্কে রিপোর্ট চাওয়া হয়েছে বলেও জানান তিনি। রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয় বলে স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তবে শুধু দলীয় স্তরে প্রাপ্ত তথ্যের উপর নির্ভর না করে অন্যভাবেও সংশ্লিষ্ট ঘটনার বিষয়ে খোঁজখবর ও তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ্য, রাজধানীতে বিজেপির মাস্ক বাহিনীর মিছিলকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনও তৎপর হয়ে উঠেছে বলে জানা গেছে। বিষয়টি রাজ্যে কর্মরত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি-র নজরেও আসে। সূত্রের খবর, সংশ্লিষ্ট ঘটনার বিষয়ে আইবি-র পক্ষ থেকে দ্রুত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে অবহিত করা হয়। এরপরই নগর নির্বাচনের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে রাজ্যে আরও ২৫ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র নিরাপত্তা বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার, ২৩ নভেম্বর থেকে নতুন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রাজ্যে আসতে শুরু করেছেন বলেও জানা গেছে।
সব মিলিয়ে নগর নির্বাচনের মুখে বিজেপির মাস্ক বাহিনীর মিছিলকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নতুন মাত্রা পেয়েছে। কংগ্রেসের তরফে যখন ভোটারদের নিরাপত্তা এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হচ্ছে, তখন মুখ্যমন্ত্রীও গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এখন দেখার, সংশ্লিষ্ট ঘটনায় পুলিশ প্রশাসন ও রাজ্য নির্বাচন কমিশন কী পদক্ষেপ গ্রহণ করে। নির্বাচনের আগে সাধারণ ভোটারদের মধ্যে আস্থা ফিরিয়ে এনে কতটা ভয়মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা যায়, সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

