আগরতলা, ২৪ নভেম্বর : ভক্তি, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার মেলবন্ধনে যথাযথ ধর্মীয় মর্যাদায় পালিত হল রাস পূর্ণিমা। রাস উৎসবকে কেন্দ্র করে আগরতলার রাধানগরের ঐতিহ্যবাহী রাধামাধব মন্দিরে বসে ভক্ত ও দর্শনার্থীদের মিলনমেলা। মণিপুরী সম্প্রদায়ের কুমারী ও কিশোরী শিল্পীদের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে পরিবেশিত রাসনৃত্য ও কীর্তন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও ভক্তিরসে মেতে ওঠেন উপস্থিত দর্শনার্থীরা। উল্লেখযোগ্য বিষয় হল, এবছর ২২৮তম বর্ষে পদার্পণ করল রাধামাধব মন্দিরের ঐতিহ্যবাহী রাসলীলা উৎসব।
ভগবান শ্রীকৃষ্ণের প্রেম, ভক্তি ও প্রকৃতির অপূর্ব মিলনই রাসলীলার মূল তাৎপর্য। রাধা, কৃষ্ণ এবং গোপিনীদের আরাধনাকে কেন্দ্র করেই এই ধর্মীয় উৎসবের আয়োজন করা হয়। প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে রাস উৎসব পালিত হয়। মণিপুরী সমাজের কাছে রাস পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই উৎসবের মধ্য দিয়ে একদিকে যেমন শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ও ভালোবাসার প্রকাশ ঘটে, অন্যদিকে তেমনই প্রজন্মের পর প্রজন্ম ধরে বহমান মণিপুরী সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা হয়।
ইতিহাসের পাতা ঘাঁটলে জানা যায়, মহারাজা রাজধর মানিক্যের শাসনকাল থেকে অর্থাৎ ১৭৯৮ সাল থেকেই আগরতলার রাধামাধব মন্দিরে রাস উৎসবের সূচনা হয়েছিল। দীর্ঘ ২২৮ বছর ধরে ধর্মীয় নিষ্ঠা ও ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে এই উৎসব পালিত হয়ে আসছে। সময়ের পরিবর্তন হলেও উৎসবের আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যে আজও অটুট রয়েছে প্রাচীন ঐতিহ্যের ছাপ।
এবছরের রাস উৎসবের বিশেষ আকর্ষণ ছিল কুমারী রাসলীলা। মণিপুরী সম্প্রদায়ের কুমারী শিল্পীরা চিরাচরিত ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে রাসনৃত্য ও কীর্তন পরিবেশন করেন। তাঁদের নৃত্যের ছন্দ, শৈল্পিক ভঙ্গিমা এবং ভক্তিমূলক পরিবেশনা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। ধর্মীয় আচার মেনে শিল্পীদের পরিবেশনার আগে পূজা-অর্চনারও আয়োজন করা হয়।
এই প্রসঙ্গে রাধামাধব মন্দিরের পুরোহিত রাজা গোপাল ভট্টাচার্য জানান, এবছরের রাসলীলার অন্যতম প্রধান আকর্ষণ কুমারী রাস। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা সকলেই কুমারী। কুমারী পূজার অনুরূপ রীতি মেনে প্রথমে তাঁদের পূজা-অর্চনা করা হয়। এরপর শিল্পীরা ঐতিহ্যবাহী মণিপুরী পোশাকে সজ্জিত হয়ে রাসনৃত্য ও কীর্তন পরিবেশন করেন। তিনি জানান, পূর্ণিমা তিথি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সোমবার রাত ১০টা ৫২ মিনিট থেকে রাস উৎসবের সূচনা হয়।
রাস পূর্ণিমাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যা থেকেই রাধানগরের রাধামাধব মন্দিরে ভক্ত ও দর্শনার্থীদের সমাগম বাড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মন্দির প্রাঙ্গণে উৎসবের আবহ আরও জমজমাট হয়ে ওঠে। সারারাত ধরে চলে ধর্মীয় আচার-অনুষ্ঠান, রাসনৃত্য, কীর্তন এবং সাংস্কৃতিক পরিবেশনা। সব মিলিয়ে ২২৮ বছরের ঐতিহ্যকে সামনে রেখে এবছরও রাধামাধব মন্দিরের রাস উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মণিপুরী সংস্কৃতির অনন্য মেলবন্ধনের সাক্ষী হয়ে রইল।

