ধর্মনগর , ৩০ এপ্রিল : উত্তর ত্রিপুরা জেলার কদমতলা বাজারে বৃহস্পতিবার ভোররাতে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের অন্যতম স্বর্ণালঙ্কার ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘জয় জুয়েলারি’-কে টার্গেট করে দুর্বৃত্তরা গভীর রাতে দোকানের টিনের চাউনি কেটে ভিতরে প্রবেশ করে। এরপর দোকানের আলমারি ভেঙে প্রায় দেড় লক্ষ টাকার সোনা ও রুপার গয়না লুট করে নিয়ে যায়।
দোকানের মালিক সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি প্রথমে টের পান। তিনি জানান, দোকানের ভেতরে সবকিছু তছনছ অবস্থায় পড়ে ছিল এবং বেশ কিছু মূল্যবান অলঙ্কার উধাও। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায় এবং ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
একই রাতে চোরের দল পাশের ‘সুনীল জুয়েলারি’তেও হানা দেওয়ার চেষ্টা চালায় বলে অভিযোগ। তবে দোকানের দরজা ও নিরাপত্তা ব্যবস্থা মজবুত থাকায় তারা ভিতরে প্রবেশ করতে পারেনি, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ওই প্রতিষ্ঠান।
এই ঘটনার পর কদমতলা বাজারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে কদমতলা থানার টহলদারি এবং বাজারে নিযুক্ত নৈশ প্রহরীদের ভূমিকা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ব্যবসায়ীদের দাবি, নিয়মিত পুলিশ টহল থাকলে এমন ঘটনা ঘটত না।
খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে ফরেনসিক টিম ডাকা হতে পারে বলে জানা গেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের তরফে জোর তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।
এদিকে, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। দ্রুত অপরাধীদের গ্রেফতার এবং বাজার এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

