iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

যোগেন্দ্রনগরে ছিনতাই হওয়া স্বর্ণের চেইন উদ্ধার, গ্রেফতার দুই

আগরতলা, ১৬ সেপ্টেম্বর : আগরতলায় যোগেন্দ্রনগর এলাকায় প্রাতঃভ্রমণে বের হওয়া জনৈক মহিলার গলা থেকে ছিনতাই হওয়া স্বর্ণের চেইন উদ্ধার করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ছিনতাইয়ের ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ১১ সেপ্টেম্বর যোগেন্দ্রনগর বনকুমারি এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন জনৈক মহিলা। সেই সময় তাঁর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার পরই পূর্ব আগরতলা থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তে পুলিশ প্রথমে ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে চিহ্নিত করে গ্রেফতার করে। বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, ধৃতদের মধ্যে একজন বর্তমানে জেল হেফাজতে রয়েছে। অপর অভিযুক্তকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ রিমান্ডে থাকা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। পুলিশ জানতে পারে, ছিনতাই করা স্বর্ণের চেইনটি একটি গোল্ড লোন প্রতিষ্ঠানের কাছে বন্ধক রাখা হয়েছিল। ওই চেইন বন্ধক রেখে প্রায় ১ লক্ষ ২৮ হাজার টাকা নেওয়া হয়েছিল বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

পরবর্তীতে অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট গোল্ড লোন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করে পুলিশ। বর্তমানে সেটি পুলিশের হেফাজতে রয়েছে। উদ্ধার হওয়া চেইনটির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা বলে জানান পূর্ব আগরতলা থানার ওসি।

পুলিশের প্রাথমিক তদন্তে ছিনতাইয়ের পর দ্রুত স্বর্ণের চেইনটি বন্ধক রেখে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি সামনে এসেছে। তবে এই ঘটনার নেপথ্যে আরও কেউ রয়েছে কিনা, কিংবা ছিনতাইয়ের সঙ্গে আরও কোনও চক্র যুক্ত রয়েছে কিনা, সে বিষয়েও তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

এদিকে সামনে পুজোর মরশুম। এই সময়ে রাজধানী আগরতলায় মানুষের চলাচল এবং বাজার এলাকায় ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা রুখতে পুলিশি তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব আগরতলা থানার ওসি জানান, পুজোর দিনগুলিতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও স্পর্শকাতর পয়েন্টে নিয়মিত পুলিশি টহলদারি জোরদার করা হবে। একই সঙ্গে সন্দেহজনক গতিবিধির উপরও নজরদারি রাখা হবে বলে জানান তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *