iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

টিটিএএডিসি নির্বাচন : পুলিশ মহানির্দেশকের পৌরোহিত্য উদয়পুরে পর্যালোচনা বৈঠক

উদয়পুর, ৩ এপ্রিল : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে শুক্রবার গোমতী জেলার পুলিশ সুপার কার্যালয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধানকর।

এদিন গোমতী জেলা পুলিশ সুপার ডাঃ কিরণ কুমার কে-র নেতৃত্বে পুলিশ আধিকারিকরা ডিজিপি-কে ফুলের তোড়া ও সেলামি জানিয়ে স্বাগত জানান। বৈঠকে দক্ষিণ জেলা ও গোমতী জেলার পুলিশ সুপারদের পাশাপাশি বিভিন্ন মহকুমার পুলিশ আধিকারিকরাও অংশ নেন। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার পুলিশ সুপার মউর্য কৃষ্ণ সি, গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ উদয়পুর, অমরপুর ও আম্পি মহকুমার পুলিশ অধিকারিক।

বৈঠকে মূলত আসন্ন টিটিএএডিসি নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন সংবেদনশীল এলাকা চিহ্নিত করা, অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন, টহলদারি বাড়ানো এবং ভোটকেন্দ্রগুলিতে নজরদারি জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিজিপি অনুরাগ ধানকর জানান, আগামী ১২ মার্চ টিটিএএডিসি নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, “শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুই জেলার পুলিশ সুপার এবং মহকুমা পুলিশ আধিকারিকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে।”

তিনি আরও জানান, ইতিমধ্যেই পুলিশ বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শুরু করেছে এবং এলাকাভিত্তিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। কোথাও কোনও অশান্তির আশঙ্কা থাকলে তা আগেভাগেই মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন চলাকালীন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নজরদারি রাখা হবে এবং যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *