আগরতলা, ২৯ অক্টোবর : পূর্ণরাজ্য দিবস উপলক্ষ্যে ত্রিপুরার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মানিত করতে পাঁচটি স্টেট সিভিল অ্যাওয়ার্ড এবং ১১টি স্টেটহুড ডে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এই পুরস্কার প্রদান সংক্রান্ত প্রস্তুতি নিয়ে আজ সচিবালয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়।
প্রতি বছরের মতো এবারও সমাজ, সাহিত্য, কলা, ক্রীড়া, সঙ্গীত, নারী ক্ষমতায়ন, সাক্ষরতা অভিযান ও বিজ্ঞান-সহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা যোগ্য ব্যক্তিদের সম্মানিত করা হবে। বৈঠকে পুরস্কারগুলির জন্য আবেদন ও মনোনয়ন গ্রহণ এবং রাজ্যজুড়ে এ বিষয়ে প্রচারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
পাঁচটি স্টেট সিভিল অ্যাওয়ার্ডের মধ্যে রয়েছে ত্রিপুরা বিভূষণ সম্মান, ত্রিপুরা ভূষণ সম্মান, শচীন দেববর্মণ স্মৃতি রাজ্য সম্মান, মহারাণী কাঞ্চনপ্রভা দেবী স্মৃতি রাজ্য সম্মান এবং বিজ্ঞান বিষয়ক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্টেট অ্যাওয়ার্ড।
সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হবে ত্রিপুরা বিভূষণ সম্মান। সাহিত্য, কলা, ক্রীড়া-সহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য দেওয়া হবে ত্রিপুরা ভূষণ সম্মান। সঙ্গীত ও কলাক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে রয়েছে শচীন দেববর্মণ স্মৃতি রাজ্য সম্মান। নারী ক্ষমতায়ন, সাক্ষরতা অভিযান-সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রদান করা হবে মহারাণী কাঞ্চনপ্রভা দেবী স্মৃতি রাজ্য সম্মান। পাশাপাশি, বিজ্ঞান ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেওয়া হবে স্টেট অ্যাওয়ার্ড। এই পাঁচটি পুরস্কারের বাইরে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আরও ১১টি স্টেটহুড ডে অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
পুরস্কারগুলির জন্য যোগ্য ব্যক্তিরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পাশাপাশি, যোগ্য ব্যক্তিদের নাম মনোনয়ন হিসেবেও জমা দেওয়া যাবে। আবেদনপত্র তথ্য ও সংস্কৃতি দফতরের প্রধান কার্যালয়ের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ে জমা দেওয়া যাবে।
রাজ্যের প্রতিটি প্রান্তের যোগ্য ব্যক্তিদের কাছে পুরস্কার সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে বৈঠকে বিশেষ গুরুত্ব আরোপ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়। তিনি প্রতিটি জেলার জেলাশাসক এবং সংশ্লিষ্ট দফতরগুলিকে বিষয়টি ব্যাপকভাবে প্রচারের আওতায় নিয়ে আসার ওপর গুরুত্ব দেন, যাতে যোগ্য ব্যক্তিরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন বা মনোনয়ন জমা দেওয়ার সুযোগ পান।
বৈঠকের শুরুতে তথ্য ও সংস্কৃতি দফতরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য স্টেট সিভিল অ্যাওয়ার্ড ও স্টেটহুড ডে অ্যাওয়ার্ড প্রদান সংক্রান্ত বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে তুলে ধরেন। সভায় বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ, তথ্যপ্রযুক্তি, সমবায়, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর-সহ বিভিন্ন দফতরের সচিবরা উপস্থিত ছিলেন।

