iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

জমি বিবাদে গুলিচালনার অভিযোগ, পিস্তলবাজ গ্রেফতারের দাবিতে সিধাই থানায় বিক্ষোভ

মোহনপুর, ১৭ জুন  : জমি দখলকে কেন্দ্র করে পশ্চিম ত্রিপুরা জেলার সিধাই থানাধীন হেজামারা বালুয়াছড়া এলাকায় উত্তেজনা চরমে পৌঁছেছে। জুমের জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরে গুলিচালনার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে বুধবার গভীর রাত পর্যন্ত সিধাই থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন এলাকার বহু মানুষ।

অভিযোগ, বালুয়াছড়া এলাকার বাসিন্দা সম্প্রায় দেববর্মা ও তাঁর পরিবারের জুমের জমি জবরদখলের চেষ্টা চলছিল। এ বিষয়ে পূর্বেই সিধাই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কার্যকর কোনও পদক্ষেপ নেয়নি বলে দাবি করেন অভিযোগকারীরা। তাঁদের বক্তব্য, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত এলাকায় গুলিচালনার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় প্রায় ছয় রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ। তবে গুলিচালনার ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র কিংবা মূল অভিযুক্তদের এখনও গ্রেফতার করা হয়নি বলে দাবি স্থানীয়দের। এই বিষয়টি ঘিরেই জনমনে ক্ষোভ আরও বৃদ্ধি পেয়েছে।

এদিকে ঘটনার পর সিধাই থানায় উভয় পক্ষের তরফে পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়। অভিযোগকারীদের দাবি, পাল্টা মামলা দায়ের হওয়ার পর পুলিশ মূল অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিয়ে উল্টে অভিযোগকারী পক্ষের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে দুই মহিলাসহ চারজনকে আটক করা হয়। অপরদিকে, অন্য পক্ষ থেকে মাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাত পর্যন্ত সিধাই থানার সামনে জড়ো হন বালুয়াছড়া এলাকার বাসিন্দারা। তাঁরা পুলিশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন এবং প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবি জানান। বিক্ষোভকারীদের বক্তব্য, গুলিচালনার মতো গুরুতর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করে নিরপরাধ ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, গুলিচালনার ঘটনায় জড়িত পিস্তলবাজসহ অন্যান্য অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং আটক চারজনকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা। প্রয়োজনে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক অবরোধ করা হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *