iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

কড়া নিরাপত্তায় রবিবার নিট-ইউজি পুনঃপরীক্ষা, ত্রিপুরায় ১০ কেন্দ্রে বসছেন ৪,৭০০ পরীক্ষার্থী

আগরতলা, ২০ জুন : প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল হওয়া নিট-ইউজি পুনঃপরীক্ষা রবিবার সারা দেশের পাশাপাশি ত্রিপুরাতেও অনুষ্ঠিত হবে। রাজ্যে মোট ১০টি পরীক্ষাকেন্দ্রে প্রায় ৪ হাজার ৭০০ পরীক্ষার্থী এই মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ও বিশেষ নজরদারির ব্যবস্থা।

শনিবার রাজধানী আগরতলায় বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে প্রস্তুতি খতিয়ে দেখেন সদর মহকুমা শাসক মানিক লাল দাস। এদিন তিনি আগরতলা মহিলা মহাবিদ্যালয় পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সদর মহকুমা পুলিশ আধিকারিকসহ প্রশাসনের বিভিন্ন দফতরের আধিকারিকরা।

পরিদর্শন শেষে সদর মহকুমা শাসক জানান, পরীক্ষার যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। পরীক্ষার্থীদের নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে এবং পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে কঠোর নজরদারি চালানো হবে।

তিনি জানান, রবিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সকাল থেকে নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। দুপুর দেড়টার পর কোনও পরীক্ষার্থীকে আর কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।

রাজ্যে এবছর নিট-ইউজি পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৭০০। এর মধ্যে রাজধানী আগরতলার ৯টি কেন্দ্রে পরীক্ষা দেবেন প্রায় ৪ হাজার ৫০০ জন পরীক্ষার্থী। আগরতলার কেন্দ্রগুলির মধ্যে রয়েছে এনআইটি আগরতলা, শিশু বিহার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয় কুঞ্জবন, কেন্দ্রীয় বিদ্যালয় ওএনজিসি, মহারাজা বীর বিক্রম কলেজ (এমবিবি কলেজ), বীর বিক্রম মেমোরিয়াল কলেজ, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এছাড়া ধলাই জেলার কমলপুর ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আরও প্রায় ২০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

উল্লেখ্য, চলতি বছরের ৩ মে সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও নিট-ইউজি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসার পর জাতীয় পরীক্ষার নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) সেই পরীক্ষা বাতিল ঘোষণা করে। পরবর্তীতে পুনঃপরীক্ষার দিন নির্ধারণ করা হয় ২১ জুন।

এদিকে দেশের অন্যতম বৃহত্তম প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজিতে এবার অংশ নিচ্ছেন ২২ লক্ষ ৭৩ হাজার ৭৪৩ জন পরীক্ষার্থী। দেশের প্রায় পাঁচ হাজার পরীক্ষাকেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলে পরীক্ষাকে ঘিরে দেশজুড়েই রয়েছে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা।

প্রশাসনের আশা, কঠোর নিরাপত্তা, নিরবচ্ছিন্ন নজরদারি এবং সুসংগঠিত ব্যবস্থাপনার মাধ্যমে রাজ্যে নিট-ইউজি পুনঃপরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *