আগরতলা, ১৭ জুন : ত্রিপুরা ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিসে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে বুধবার দপফতরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেছেন চাকরি প্রত্যাশীরা। কর্মপ্রার্থীদের দাবি, অবিলম্বে মৌখিক পরীক্ষা গ্রহণ করে ফায়ারম্যান ও ড্রাইভার পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
জানা গেছে, ২০২২ সালে রাজ্য সরকার ত্রিপুরা ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিসে ফায়ারম্যান এবং ড্রাইভার পদে মোট ৩২৯টি নতুন পদ সৃষ্টি ও পূরণের সিদ্ধান্ত গ্রহণ করে। সেই অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা এবং লিখিত পরীক্ষা নেওয়া হয়। পরবর্তী পর্যায়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দীর্ঘ প্রায় চার বছর অতিবাহিত হলেও সেই পরীক্ষা গ্রহণ করা হয়নি। ফলে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন হয়নি।
এই পরিস্থিতিতে শারীরিক ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে চরম অনিশ্চয়তা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে তাঁরা একাধিকবার দফতরের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিভিন্ন সময়ে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিও পালন করেছেন কর্মপ্রার্থীরা। কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ সংক্রান্ত কোনও নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি।
বুধবার একাংশের চাকরি প্রত্যাশী ঐক্যবদ্ধভাবে ত্রিপুরা ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিসের অধিকর্তার কার্যালয়ে গিয়ে ডেপুটেশন প্রদান করেন। প্রতিনিধিদল দাবি জানায়, দীর্ঘদিন ধরে অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুত মৌখিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করতে হবে এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তাঁদের বক্তব্য, নিয়োগ প্রক্রিয়া অযথা বিলম্বিত হওয়ায় বহু প্রার্থী বয়সসীমা ও অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হচ্ছেন।
ডেপুটেশন গ্রহণের পর দফতরের অধিকর্তা কর্মপ্রার্থীদের আশ্বস্ত করে জানান, নিয়োগ সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তবে মৌখিক পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এই মুহূর্তে নির্দিষ্ট কোনও সময়সীমা জানানো সম্ভব নয়। বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে বলেও তিনি জানান।
অন্যদিকে, অধিকর্তার বক্তব্যে সন্তুষ্ট নন কর্মপ্রার্থীরা। তাঁদের দাবি, দ্রুত মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা না করা হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা।

