আগরতলা, ১৩ জুন : মানবতার সেবায় রক্তদানের মতো মহৎ উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা বহন করে। রক্তদান এমন একটি সামাজিক কার্যক্রম, যেখানে ধর্ম, বর্ণ, জাতি কিংবা সাম্প্রদায়িক বিভেদের কোনও স্থান নেই; থাকে শুধু মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা। শনিবার রাজধানীর ইন্দ্রনগরস্থিত গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রডিউসারস ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, “সকল প্রকার ভেদাভেদ এবং সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে রক্তদান। এই মহৎ কর্মের মধ্যে কেবলমাত্র মানবতাই প্রতিফলিত হয়। একজন স্বেচ্ছা রক্তদাতা নিজের অজান্তেই কোনও অসহায় মানুষের জীবন বাঁচানোর সুযোগ তৈরি করেন।”
তিনি আরও বলেন, বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের উচিত তাদের দৈনন্দিন কাজের ব্যস্ততার মধ্যেও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা। সমাজের বৃহত্তর স্বার্থে এগিয়ে এসে রক্তদান, স্বাস্থ্য সচেতনতা, পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা সময়ের দাবি।
রক্তের প্রয়োজনীয়তার প্রসঙ্গ তুলে মেয়র বলেন, “রক্তের কোনও কৃত্রিম বিকল্প নেই। স্বেচ্ছায় রক্তদানকারী মানুষরাই একমাত্র ভরসা। তাই যাঁরা রক্তদান করছেন, তাঁরা মানবতার অন্যতম শ্রেষ্ঠ ধর্ম পালন করছেন।” তিনি রক্তদাতাদের প্রশংসা করে বলেন, তাঁদের এই উদ্যোগ বহু মানুষের জীবন রক্ষায় সহায়ক হবে।
উল্লেখ্য, গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রডিউসারস ইউনিয়ন লিমিটেডের পক্ষ থেকে চলতি বছরে প্রথমবারের মতো এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সংস্থার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মেয়র আশা প্রকাশ করেন, আগামী বছরগুলিতেও তাঁরা একইভাবে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখবে।
রক্তদান শিবিরকে কেন্দ্র করে ইউনিয়নের সদস্য, কর্মচারী এবং স্বেচ্ছাসেবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শিবিরে অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনহিতকর কর্মসূচিতে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনরাও এই উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের অন্যান্য প্রতিষ্ঠানকেও এমন মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।

