কৈলাসহর, ৮ মে : রাজ্যে উন্নয়নের নানা দাবি সামনে এলেও বাস্তব চিত্র যে এখনও বহু জায়গায় করুণ, তারই আরেক উদাহরণ উঠে এল ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার সোনাইমুড়ি এলাকার রাখালতলি গ্রামে। বছরের পর বছর ধরে জল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই কৈলাসহর-কুমারঘাট সড়কের একাংশ জলমগ্ন হয়ে পড়ছে। ফলে নিত্যদিন চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘদিনের এই ক্ষোভ শুক্রবার রাস্তায় নেমে বিক্ষোভের মাধ্যমে বিস্ফোরিত হয়।
স্থানীয়দের অভিযোগ, বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি। জানা গেছে, গত ১০ আগস্ট ২০২৪ সালে কুমারঘাট মহকুমা শাসকের কাছে লিখিতভাবে জল নিকাশী ব্যবস্থার দাবি জানানো হয়েছিল। পাশাপাশি গ্রাম প্রধান ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছেও একাধিকবার বিষয়টি তুলে ধরা হয়। কিন্তু অভিযোগ, এতদিন কেটে গেলেও প্রশাসনের তরফে কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
গ্রামবাসীদের বক্তব্য, সামান্য বৃষ্টি হলেই রাস্তার উপর হাঁটু সমান জল জমে যায়। ফলে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে স্কুলপড়ুয়া ছাত্র-ছাত্রীরা। জল জমে যাওয়ার কারণে অনেক সময় স্কুলে পৌঁছানোই অসম্ভব হয়ে পড়ে। বর্ষার মরশুম এলেই পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেয় বলে দাবি এলাকাবাসীর।
এই অবস্থার প্রতিবাদে শুক্রবার মহিলা ও পুরুষরা জলে নেমেই রাস্তায় অবরোধ গড়ে তোলেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, ভোটের আগে উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোট শেষ হতেই সাধারণ মানুষের সমস্যার কথা ভুলে গেছেন জনপ্রতিনিধিরা। বারবার জানানো সত্ত্বেও শুধু আশ্বাস ছাড়া বাস্তবে কোনও কাজ হয়নি।
অবরোধের ফলে কৈলাসহর-কুমারঘাট সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে বহু যানবাহন। চরম ভোগান্তির শিকার হন সাধারণ পথচারী ও যাত্রীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুমারঘাট থানার পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হলে অবশেষে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
তবে আশ্বাসে আর ভরসা রাখতে নারাজ স্থানীয়রা। তাঁদের স্পষ্ট বক্তব্য, বহু বছর ধরে একই সমস্যা চললেও কোনও স্থায়ী সমাধান হয়নি। তাই এবার দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
এলাকাবাসীর প্রশ্ন, একটি সাধারণ জল নিষ্কাশন সমস্যার সমাধান করতেই যদি বছরের পর বছর সময় লেগে যায়, তাহলে উন্নয়নের বড় বড় দাবিগুলোর বাস্তবতা কোথায়? সচেতন মহলের মতে, প্রশাসনিক উদাসীনতা, সঠিক নজরদারির অভাব এবং জন প্রতিনিধিদের দায়িত্বজ্ঞানহীনতার ফলেই আজ সাধারণ মানুষকে জলে নেমে আন্দোলনে সামিল হতে হচ্ছে।

