iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

দরজায় হাত দিতেই বিদ্যুতের ঝটকা, পরে মিলল স্ত্রীর নিথর দেহ

আগরতলা, ৩০ এপ্রিল  : রাজধানী আগরতলা শহরের বড়জলা এলাকায় জনৈকা গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম বুল্টি সূত্রধর (বয়স আনুমানিক ৩০)। স্বামী হরেকৃষ্ণ সূত্রধর পেশায় মোটর শ্রমিক।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কাজ সেরে বাড়ি ফিরে হরেকৃষ্ণ সূত্রধর দেখতে পান বাড়ির দোতলার বাথরুমে তাঁদের ছেলে স্নান করছে। ছেলের কাছ থেকে তিনি জানতে পারেন, তার মা নিচতলার বাথরুমে স্নান করছেন। এরপর তিনি স্ত্রীর নাম ধরে কয়েকবার ডাকাডাকি করলেও কোনও সাড়া মেলেনি। সন্দেহ হওয়ায় তিনি নিচে নেমে বাথরুমের দরজায় হাত দিতেই বিদ্যুতের ঝটকা অনুভব করেন।

পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি দ্রুত উপরে গিয়ে মেন সুইচ বন্ধ করে আবার নিচে ফিরে আসেন। এরপর বাথরুমের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন, তার স্ত্রী বুল্টি সূত্রধর মেঝেতে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতার শরীরে একাধিক ক্ষতচিহ্ন ও পোড়া দাগ লক্ষ্য করা গেছে। তবে এগুলি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে হয়েছে কিনা, তা এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিষয়টি স্পষ্ট করতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে বড়জলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *