আগরতলা, ১১ নভেম্বর : বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেনের জনজাতিদের খাদ্যাভ্যাস সংক্রান্ত বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ক্রমশ উত্তাপ বাড়ছে। এবার এই ইস্যুতে সরাসরি সরব হলেন তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মন। বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেনের মন্তব্য এবং দিল্লির কনটেন্ট ক্রিয়েটর আমির শোকিনের এক জনজাতি যুবককে ঘিরে করা মন্তব্যের মধ্যে কোনও ইতরবিশেষ ফারাক দেখছেন না তিনি। তাঁর মতে, দু’টি মন্তব্যের মধ্যেই জনজাতি সমাজের প্রতি বিদ্বেষ ও অসম্মান প্রকাশ পেয়েছে। বুধবার সামাজিক মাধ্যমে এক বার্তায় এই ধরনের কুরুচিকর মন্তব্যের তীব্র নিন্দা জানান তিনি।
পুর ও নগর নির্বাচনের আগে বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেনের একটি মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ইতিমধ্যেই বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিশেষ করে জনজাতি সম্প্রদায়ের খাদ্যাভ্যাস নিয়ে তাঁর মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি বিভিন্ন মহল থেকেও উঠছে প্রতিবাদের আওয়াজ। এবার সেই প্রতিবাদের সুর আরও চড়ালেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন।
সামাজিক মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করে প্রদ্যোৎ বলেন, তিনি রাজনীতির সঙ্গে যুক্ত থাকুন বা না থাকুন, রাজ্যের মানুষের স্বার্থে এবং বৃহত্তর অর্থে ভারতবাসীর পক্ষে কথা বলা থেকে পিছিয়ে আসবেন না। তাঁর বক্তব্য, জনজাতিদের খাদ্যাভ্যাস নিয়ে বিধায়ক তোফাজ্জল হোসেনের মন্তব্য এবং দিল্লির কনটেন্ট ক্রিয়েটর আমির শোকিনের এক জনজাতি যুবককে নিয়ে করা মন্তব্যের মধ্যে কোনও মৌলিক পার্থক্য নেই। একজন জনপ্রতিনিধি কিংবা একজন কনটেন্ট ক্রিয়েটর— কারও ক্ষেত্রেই এ ধরনের বিদ্বেষমূলক মন্তব্য গ্রহণযোগ্য হতে পারে না।
আরও তীব্র ভাষায় বিজেপি বিধায়ককে নিশানা করে প্রদ্যোৎ বলেন, যারা গরু পাচার করে বড়লোক হন, তাঁদের মুখে ত্রিপুরা এবং উত্তর-পূর্বাঞ্চলের জনজাতিদের খাদ্যাভ্যাস নিয়ে কুরুচিকর মন্তব্য মানায় না। তাঁর এই বক্তব্যকে ঘিরেও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এদিন রাজ্যবাসীর উদ্দেশে আবেদন জানিয়ে প্রদ্যোৎ বলেন, কেউ যদি এ ধরনের মন্তব্য করেন, তাহলে তাঁর পদমর্যাদা, রাজনৈতিক পরিচয় কিংবা দলীয় অবস্থান বিবেচনা না করে প্রতিবাদে সোচ্চার হতে হবে। অন্যায় মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষেত্রে কোনও রাজনৈতিক রং থাকা উচিত নয়। তিনি দাবি করেন, বিজেপির দলীয় অবস্থানও এ ধরনের মন্তব্যের বিরোধী। অর্থাৎ, বিধায়কের ব্যক্তিগত মন্তব্যের দায় দল কতটা গ্রহণ করবে, সেই প্রশ্নও কার্যত সামনে নিয়ে এলেন তিনি।
প্রদ্যোৎ কিশোরের বক্তব্যের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ ছিল তাঁর সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া মন্তব্য। তিনি বলেন, “হ্যাঁ, আমরা শুকর খাই। কিন্তু আমরাই একদিন গরু পাচার রুখব।” এই বক্তব্যের মধ্য দিয়ে জনজাতিদের খাদ্যাভ্যাস নিয়ে কটাক্ষের জবাব দেওয়ার পাশাপাশি গরু পাচারের প্রসঙ্গ টেনে রাজনৈতিক প্রতিপক্ষকে পাল্টা আক্রমণ করেছেন তিনি।
উল্লেখ্য, আসন্ন নগর নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেনের ঘরোয়া সভায় করা মন্তব্যকে কেন্দ্র করে শাসক দল যথেষ্ট অস্বস্তিতে পড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ইতিমধ্যেই এই মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। নিন্দা জানিয়েছেন বিজেপির প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মাও। এবার একই ইস্যুতে সরাসরি মুখ খুললেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পুর ও নগর নির্বাচনের প্রাক্কালে জনজাতিদের খাদ্যাভ্যাসের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে বিতর্ক শাসক দলের জন্য নতুন রাজনৈতিক অস্বস্তি তৈরি করতে পারে। বিশেষ করে বিজেপি ও তিপ্রা মথার রাজনৈতিক সমীকরণের প্রেক্ষাপটে এই মন্তব্যের তাৎপর্য আরও বেড়েছে। এখন দেখার, বিধায়ক তোফাজ্জল হোসেনের বিতর্কিত মন্তব্য নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব কী অবস্থান গ্রহণ করে এবং দলীয়ভাবে কোনও পদক্ষেপ করা হয় কি না।পুর ও নগর ভোটের প্রচারে এই বিতর্ক কতটা প্রভাব ফেলে, সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের।

