iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

কালীপুজোর চাঁদার নামে তাণ্ডব, গাড়ি ভাঙচুর, লুট ৮০ কেজি মাছ

আগরতলা, ১১ নভেম্বর : কালীপুজো শেষ হয়েছে দু’দিন আগে। অথচ পুজোর চাঁদার নামে জুলুমবাজি থামার কোনও লক্ষণ নেই। এবার চাঁদা আদায়কে কেন্দ্র করে মাছ ব্যবসায়ীর উপর হামলা, মাছের গাড়ি ভাঙচুর এবং প্রায় ৮০ কেজি মাছ লুটের গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাটি আমতলি থানাধীন চৌমুহনী বাজার সংলগ্ন এলাকার। অভিযোগের নিশানা স্থানীয় সবুজ সংঘের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রাপ্ত অভিযোগ অনুযায়ী, ভাইফোঁটার বাজার ধরতে বুধবার আগরতলা থেকে টিআর০১এজে১৭২০ নম্বরের একটি মাছবোঝাই গাড়ি চৌমুহনী বাজার এবং আশপাশের বিভিন্ন বাজারে মাছ সরবরাহের উদ্দেশ্যে যাচ্ছিল। অভিযোগ, চৌমুহনী বাজার সংলগ্ন এলাকায় পৌঁছতেই সবুজ সংঘের একদল সদস্য গাড়িটির পথ আটকে দেয়। এরপরই শুরু হয় কালীপুজোর চাঁদা আদায়ের নামে দরকষাকষি। প্রথমে ১০ হাজার টাকা চাঁদা দাবি করা হলেও পরবর্তী সময়ে সেই দাবির পরিমাণ বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয় বলে অভিযোগ।

ব্যবসায়ীদের অভিযোগ, পুজো শেষ হয়ে যাওয়ার পরও এভাবে বিপুল অঙ্কের চাঁদা দাবি করায় তাঁরা সমস্যায় পড়েন। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত অনলাইনে চাঁদার টাকা দিতে রাজি হন মাছ ব্যবসায়ীরা। কিন্তু অভিযোগ, অভিযুক্তরা অনলাইনে টাকা নিতে অস্বীকার করে। নগদ টাকা না দেওয়ায় তাঁদের উপর চড়াও হয় এবং এক মাছ ব্যবসায়ীকে মারধর করা হয় বলে অভিযোগ।

এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, নগদে চাঁদা দিতে অস্বীকার করায় ক্লাবের কয়েকজন সদস্য মাছের গাড়িতে ভাঙচুর চালায়। শুধু তাই নয়, গাড়িতে থাকা মাছের মধ্যে থেকে প্রায় ৮০ কেজি মাছ নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। ভাইফোঁটার বাজারে মাছ বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া পণ্য এভাবে নষ্ট ও লুট হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত মাছ ব্যবসায়ীরা আমতলি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। তবে অভিযোগ দায়েরের পরও এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় ক্ষোভ বাড়ছে। প্রকাশ্যে রাস্তা আটকে চাঁদা দাবি, ব্যবসায়ীকে মারধর, গাড়ি ভাঙচুর এবং মাছ লুটের মতো গুরুতর অভিযোগ ওঠার পরও কেন পুলিশি পদক্ষেপ দৃশ্যমান নয়, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।

এদিকে, কালীপুজোর দু’দিন পরও পুজোর চাঁদার নামে এমন জুলুমবাজির অভিযোগে চৌমুহনী বাজার ও সংলগ্ন এলাকার সাধারণ মানুষের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের বক্তব্য, পুজোর নামে চাঁদা সংগ্রহের অধিকার কাউকে আইন নিজের হাতে তুলে নেওয়ার অনুমতি দিতে পারে না। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

উৎসবের মরশুমে চাঁদা সংগ্রহের নামে এমন ঘটনা ঘটলে সাধারণ ব্যবসায়ীরা কীভাবে নিরাপদে ব্যবসা করবেন, তা নিয়েও প্রশ্ন উঠছে। এখন দেখার, আমতলি থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে কত দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *