iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

উন্নয়নের খাতা শূন্য, ফুলেফেঁপে বটগাছ ‘নব্য বিজেপি’ ও নিগো ব্যবসায়ীরা : গোপাল

আগরতলা, ১২ নভেম্বর : আগরতলা পুর নিগম এলাকায় উন্নয়নমূলক কাজ কার্যত স্তব্ধ। রাস্তাঘাট ও নাগরিক পরিষেবার উন্নয়নের পরিবর্তে গোটা এলাকা ছেয়ে যাচ্ছে শাসক দলের ফ্ল্যাগ ও ফেস্টুনে। অথচ উন্নয়নের বরাদ্দ অর্থ থাকা সত্ত্বেও বাস্তবে তার প্রতিফলন নেই। অন্যদিকে, সাধারণ মানুষের উন্নয়ন অধরা থাকলেও ‘নব্য বিজেপি’ এবং নিগো ব্যবসায়ীদের আর্থিক শ্রীবৃদ্ধি চোখে পড়ার মতো। এমনই বিস্ফোরক অভিযোগ তুলে পুরভোটের ময়দানে শাসক দলকে আক্রমণ করলেন বনমালীপুরের কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়।

বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের ২৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস মনোনীত প্রার্থী রত্না বর্মণ পালের সমর্থনে শ্রীলঙ্কা বস্তি এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচারে নামেন কংগ্রেস নেতৃত্ব। প্রার্থীকে সঙ্গে নিয়ে এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন বিধায়ক গোপাল চন্দ্র রায়। প্রচার চলাকালীন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জনসংযোগের পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক পরিষেবার বিষয়েও খোঁজখবর নেন তাঁরা।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক গোপাল চন্দ্র রায় অভিযোগ করেন, আগরতলা পুর নিগম এলাকায় উন্নয়নের পরিবর্তে চলছে প্রচারের রাজনীতি। তাঁর কথায়, এলাকার বিভিন্ন প্রান্তে শুধু ফ্ল্যাগ, ফেস্টুন আর দলীয় প্রচারের সাজসজ্জা দেখা যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। উন্নয়নের নামে প্রচারের চাকচিক্য থাকলেও বাস্তবে কাজের যথেষ্ট অভাব রয়েছে বলে দাবি করেন তিনি।

বিধায়কের অভিযোগ, বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বিধায়ক এলাকার উন্নয়ন তহবিল থেকে অর্থ মঞ্জুর করা হলেও এখনও পর্যন্ত বহু ক্ষেত্রে কাজ বাস্তবায়িত হয়নি। গোটা ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রেই উন্নয়নের কাজ কার্যত স্তব্ধ হয়ে রয়েছে বলে অভিযোগ তাঁর। বরাদ্দ অর্থ থাকা সত্ত্বেও কেন কাজ হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

শাসক দলের একাংশ এবং তথাকথিত নিগো ব্যবসায়ীদের নিশানা করে আরও কড়া ভাষায় আক্রমণ শানান গোপাল চন্দ্র রায়। তাঁর কটাক্ষ, সাধারণ মানুষের আর্থিক অবস্থার উন্নতি না হলেও নব্য বিজেপি এবং নিগো ব্যবসায়ীদের আঙুল ফুলে কলাগাছ নয়, একেবারে বটগাছ হয়ে গিয়েছে। তাঁর এই মন্তব্যে পুরভোটের প্রচারে রাজনৈতিক তরজা যে আরও তীব্র হতে চলেছে, তা বলাই বাহুল্য।

এদিকে ২৫ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী রত্না বর্মণ পাল বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আত্মবিশ্বাস প্রকাশ করেন বিধায়ক। তাঁর দাবি, সাধারণ মানুষ উন্নয়নের বাস্তব চিত্র দেখেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং নির্বাচনে তার প্রতিফলন ঘটবে।

উল্লেখ্য, আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনে ৫১টি ওয়ার্ডেই প্রার্থী দিয়েছে কংগ্রেস। পুরভোটকে সামনে রেখে দলীয় প্রার্থীদের সমর্থনে ধারাবাহিক প্রচার কর্মসূচি গ্রহণ করেছে কংগ্রেস নেতৃত্ব। এদিনের প্রচারে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বিধায়ক গোপাল চন্দ্র রায় জানান, প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচারে যাবেন তিনি। পুরভোটের লড়াইয়ে জনসংযোগকেই প্রধান হাতিয়ার করে এগোতে চাইছে কংগ্রেস।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *