আগরতলা, ১১ নভেম্বর : জনজাতি সম্প্রদায়ের খাদ্যাভ্যাস নিয়ে বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেনের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বিধায়কের মন্তব্যকে জাতিবিদ্বেষমূলক ও সাম্প্রদায়িক উস্কানিমূলক আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে এবার পুলিশের দ্বারস্থ হল রাজ্যের চারটি বাম ছাত্র-যুব সংগঠন। বুধবার ঐক্যবদ্ধভাবে এই চার সংগঠনের নেতৃবৃন্দ পশ্চিম আগরতলা থানায় বিধায়ক তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।
এফআইআর দায়েরকারী সংগঠনগুলি হল টিওয়াইএফ, এসএফআই, টিএসইউ এবং ডিওয়াইএফআই। তাদের অভিযোগ, একজন নির্বাচিত জনপ্রতিনিধির মুখ থেকে জনজাতি সম্প্রদায়ের খাদ্যাভ্যাস নিয়ে এ ধরনের মন্তব্য শুধু অনভিপ্রেতই নয়, বরং সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও বিদ্বেষ সৃষ্টির আশঙ্কাও তৈরি করে। তাই বিষয়টিকে হালকাভাবে না দেখে অবিলম্বে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনগুলি।
এদিন পশ্চিম আগরতলা থানায় এফআইআর দায়েরের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিওয়াইএফ-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমোদ দেববর্মা বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তাঁর অভিযোগ, ২০১৪ সালে কেন্দ্রে এবং ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই জাতি, উপজাতি ও ধর্মীয় বিভাজনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। সাধারণ মানুষের মধ্যে সমর্থন হারানোর আশঙ্কা থেকেই এখন সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের মাধ্যমে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।
বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেনের মন্তব্যের প্রসঙ্গ টেনে কমোদ দেববর্মা বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে সমাজের সমস্ত অংশের মানুষের প্রতি সম্মানজনক আচরণ প্রত্যাশিত। সেখানে জনজাতি সম্প্রদায়ের খাদ্যাভ্যাস নিয়ে এ ধরনের মন্তব্য কোনওভাবেই কাম্য নয়। জনপ্রতিনিধিদের দায়িত্ব যেখানে সমাজে সম্প্রীতি ও ঐক্যের পরিবেশ বজায় রাখা, সেখানে এমন মন্তব্য সামাজিক বিভাজনকে আরও উসকে দিতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে শুধু প্রতিবাদ জানালেই চলবে না, যথাযথ আইনি ব্যবস্থাও গ্রহণ করতে হবে। সেই কারণেই চারটি সংগঠন যৌথভাবে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে। তাঁদের স্পষ্ট দাবি, বিধায়ক তোফাজ্জল হোসেনকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাঁর মন্তব্যের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এদিন চার সংগঠনের নেতৃবৃন্দ আরও জানান, পুলিশের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি আগামী দিনেও তাঁরা বিষয়টি নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে রাজ্য বিধানসভার অধ্যক্ষের কাছেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে। একজন বিধায়ক হিসেবে তোফাজ্জল হোসেনের বক্তব্যের দায়বদ্ধতা এবং তাঁর মন্তব্যের রাজনৈতিক ও সামাজিক প্রভাবের বিষয়টিও অধ্যক্ষের নজরে আনা হবে বলে জানান তাঁরা।
উল্লেখ্য, জনজাতি সম্প্রদায়ের খাদ্যাভ্যাস নিয়ে বিধায়কের মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। এবার চার বাম ছাত্র-যুব সংগঠনের যৌথ এফআইআর সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল। নগর নির্বাচনের আগে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

