iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

রামনগর থেকে শিশু উদ্যান—উন্নয়ন কাজের অগ্রগতি দেখতে মাঠে আগরতলার মেয়র

আগরতলা, ৭ মে : রাজধানী আগরতলা শহরের ড্রেন সংস্কার ও ড্রেন ঢাকার কাজ প্রায় শেষ পর্যায়ে। পাশাপাশি শহরের সৌন্দর্যায়ন এবং নাগরিক পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে একাধিক প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

এদিন তিনি প্রথমে রামনগর ৮ নম্বর রাস্তায় যান। সেখানে ড্রেন ঢাকার কাজকে কেন্দ্র করে কিছু সমস্যার সৃষ্টি হয়েছিল বলে জানা যায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন মেয়র। পরে সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি।

এরপর তিনি শকুন্তলা রোডে গিয়ে চলমান ড্রেন ঢাকার কাজ পরিদর্শন করেন। কাজের গুণগত মান ও নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার বিষয়েও সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে আলোচনা করেন।

পরে মেয়র শিশু উদ্যানে পৌঁছে সেখানে নির্মীয়মাণ ক্যাফেটেরিয়ার কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। শিশু উদ্যানকে আরও আকর্ষণীয় ও আধুনিক রূপ দেওয়ার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

মেয়র দীপক মজুমদার বলেন, আগরতলা শহরের ড্রেন ঢাকার কাজ এবং ড্রেন সংস্কারের কাজ প্রায় শেষের পথে। দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় জল জমার সমস্যা ছিল। তবে চলমান প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ হলে আগামী দিনে শহরে জলজট সমস্যার অনেকটাই সমাধান হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

তিনি আরও জানান, শিশু উদ্যানকে নতুনভাবে সাজিয়ে তোলার কাজ চলছে। পাশাপাশি যে ক্যাফেটেরিয়া তৈরি করা হচ্ছে, সেটি সম্পূর্ণ হওয়ার পর টেন্ডারের মাধ্যমে বেসরকারি সংস্থার হাতে পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হবে। এর ফলে সাধারণ মানুষ বিশেষ করে শিশু ও পরিবারগুলির জন্য আরও উন্নত বিনোদন পরিকাঠামো গড়ে উঠবে বলে মত প্রকাশ করেন মেয়র।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *