হুগলি, ৭ নভেম্বর : রোগীদের উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে চন্দননগর হাসপাতালে চালু হলো ডিজিটাল এক্স-রে পরিষেবা। শুক্রবার চন্দননগর হাসপাতাল চত্বরে নতুন ডিজিটাল এক্স-রে মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ।
নতুন এই মেশিন চালু হওয়ায় হাসপাতালের রোগীদের এক্স-রে পরিষেবা পেতে আরও সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। আধুনিক প্রযুক্তির ডিজিটাল এক্স-রে ব্যবস্থার মাধ্যমে দ্রুত পরীক্ষার রিপোর্ট পাওয়ার পাশাপাশি রোগ নির্ণয়ের ক্ষেত্রেও চিকিৎসকদের সুবিধা হবে।
বিশেষ করে চন্দননগর হাসপাতালের উপর নির্ভরশীল বহু সাধারণ মানুষ এই পরিষেবার মাধ্যমে উপকৃত হবেন। সরকারি হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং চিকিৎসা পরিষেবাকে আরও উন্নত করার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নতুন এই পরিষেবা চালু হওয়ায় খুশি হাসপাতালের রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা।

