iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

বহিঃরাজ্যে পাচারের আগে আগরতলা রেলস্টেশনে গাঁজাসহ ধৃত দুই যুবক

আগরতলা, ৩ এপ্রিল : আগরতলা রেল স্টেশন থেকে বহিঃরাজ্যে গাঁজা পাচারের সময় দুই পাচারকারীকে গ্রেফতার করেছে জিআরপি থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে স্টেশনে নিয়মিত তল্লাশি অভিযান চলাকালীন এই সাফল্য পায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আগরতলা রেল স্টেশনে সাধারণ চেকিং চলছিল। সেই সময় সন্দেহভাজন দুই যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এতে সন্দেহ হওয়ায় কর্তব্যরত জিআরপি পুলিশ দ্রুত তাঁদের আটক করে। পরে তাঁদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে ৬ কেজি ৭৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ধৃতরা হল সুমনজিত দেববর্মা (বাড়ি মোহনপুর) এবং প্রহ্লাদ চৌহান (বাড়ি অসম)। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক কালেবাজারি মূল্য এক লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে দাবি।

ঘটনার পরই অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ওসি রাজু ভৌমিক বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, তাঁরা মোহনপুর এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে তা বহিঃরাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এই পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *