করাচি, ২৬ নভেম্বর : পাকিস্তানের কিছু অংশে প্রবল অশান্তির জেরে রীতিমত আশঙ্কার ভাঁজ পাক সরকারের কপালে। বুধবারও উপদ্রুত অঞ্চলগুলোয় কঠোর করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। যে কোনও সময় বড় হাঙ্গামার আশঙ্কা রয়েছে।
খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে দীর্ঘস্থায়ী বিদ্রোহে অস্বস্তিতে শাহবাজ সরকার ও পাক সেনা। এই অবস্থায় বিদ্রোহ দমনে পাকিস্তানের চারটি প্রদেশ ভেঙে দেশটিকে বেশ কয়েকটি ছোট প্রশাসনিক অঞ্চলে ভাগ করার পরিকল্পনা করছেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।
পাকিস্তানের চারটি প্রদেশ রয়েছে। সেগুলি হল পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান। একাধিক সাংবাদমাধ্যমের রিপোর্টে উঠে এসেছে, ওই চার প্রদেশকে ভেঙে ১২ থেকে ১৫টি ছোট প্রশাসনিক অঞ্চল বা নতুন প্রদেশ গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে সেনা ও সরকারের মধ্যে। বিশেষত করাচিকে সিন্ধু থেকে আলাদা করে নতুন প্রদেশ বানানোর গুঞ্জন রয়েছে। পাক পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এবং প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সম্প্রতি এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।
২০২৬ সালের শেষে এই বিষয়ে গণভোট নিয়ে আলোচনার কথাও জানিয়েছেন তাঁরা।
এর বিরুদ্ধে মঙ্গলবার করাচি-সহ সিন্ধু প্রদেশের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ পদযাত্রায় অংশ নিলেন। মিছিলে অংশ নেওয়া সিন্ধি জাতীয়তাবাদী সংগঠন ‘জিয়ে সিন্ধ মুত্তাহিদা মাহাজ’ (জেএসএমএম) পাকিস্তানের সবচেয়ে জনবহুল ও রাজনৈতিকভাবে শক্তিশালী প্রদেশ পাঞ্জাবে অর্থনৈতিক অবরোধের হুমকি দিয়েছে।
এইসঙ্গে সংগঠনের সদস্যরা স্বাধীন ‘সিন্ধুদেশ’-এর সমর্থনে স্লোগান দিয়ে ঘোষণা করেন, সিন্ধুর অখণ্ডতা নিয়ে আপস করা হবে না।

