কলকাতা, ২৬ নভেম্বর : ইনকাম ট্যাক্স এসসি-এসটি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে বুধবার কলকাতার আয়কর ভবনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘ধরতি আবা’ ভগবান বিরসা মুন্ডার ১৫১-তম জন্মবার্ষিকী। বিরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে আয়কর বিভাগের উচ্চপদস্থ আধিকারিক, বিশিষ্ট অতিথি এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগদান করেন রাজ্যের আদিবাসী উন্নয়ন, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তিনি বিরসা মুন্ডার ঐতিহাসিক সংগ্রাম, নেতৃত্ব এবং ব্রিটিশ ও সামন্ততান্ত্রিক শোষণের বিরুদ্ধে তাঁর আপসহীন লড়াইয়ের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্য আয়কর কমিশনার পারমিতা মণ্ডল বিশ্বাস এবং ইনকাম ট্যাক্স এসসি-এসটি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সঞ্জয় আইবড়া-সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বক্তারা বলেন, আদিবাসীদের অধিকার, আত্মপরিচয় এবং মর্যাদা রক্ষায় বিরসা মুন্ডার অবদান ভারতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শিক্ষা বিস্তার, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের অঙ্গীকারের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

