iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

জলন্ধর থেকে ১৬ দিনের ‘সমরসতা সংকল্প যাত্রা’র সূচনা করবেন নিতিন নবীন

নয়াদিল্লি, ১৮ নভেম্বর : সন্ত শিরোমণি গুরু রবিদাসের ৬৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশজুড়ে সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ১৬ দিনের ‘সমরসতা সংকল্প যাত্রা’ শুরু করতে চলেছে বিজেপি। বুধবার পঞ্জাবের জলন্ধর থেকে এই যাত্রার সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। এক দিনের জলন্ধর সফরে ডেরা সচখণ্ড বল্লাঁয় পুজো দেওয়ার পাশাপাশি জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সন্ত সমাজের প্রতিনিধিদের সঙ্গে মধ্যাহ্নভোজ ও মতবিনিময় কর্মসূচিতেও অংশ নেবেন।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বুধবার দুপুর ১টা ১০ মিনিটে জালন্ধরের ডেরা সচখণ্ড বল্লাঁয় সন্ত শিরোমণি গুরু রবিদাস মন্দিরে দর্শন ও পুজো দেবেন নিতিন নবীন। এরপর দুপুর ১টা ৩৫ মিনিটে জলন্ধর-পাঠানকোট জিটি রোডের কাছে রায়পুর গ্রাম থেকে ‘সমরসতা সংকল্প যাত্রা’র সূচনা করবেন তিনি। সেখানে আয়োজিত জনসভাতেও বক্তব্য রাখবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। পরে দুপুর ২টো ৫৫ মিনিটে সন্ত সমাজের প্রতিনিধিদের সঙ্গে মধ্যাহ্নভোজ ও মতবিনিময় কর্মসূচিতে যোগ দেবেন।
গুরু রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তীকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের নেতৃত্বে বছরব্যাপী জাতীয় কর্মসূচি পালন করছে দল। গত ২৯ জুলাই গুরুপূর্ণিমার দিন বারাণসী থেকে এই কর্মসূচির সূচনা হয়েছিল। বিজেপির দেওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যে দেশজুড়ে প্রায় ২৯ হাজার ‘কলশ বন্দনা যাত্রা’ আয়োজন করা হয়েছে। ৩০ হাজারেরও বেশি সন্তের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে প্রায় ৫১ হাজার জায়গায় ‘সমরস দীপ মহোৎসব’-এরও আয়োজন করা হয়েছে।
এই কর্মসূচির পরবর্তী পর্যায় হিসেবেই ১৮ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে ১৬ দিনের সমরসতা সংকল্প যাত্রা। পাঞ্জাবের জলন্ধর থেকে শুরু হয়ে যাত্রাটি হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি এবং উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা অতিক্রম করবে। মোট ২,৪০২ কিলোমিটার পথ পেরিয়ে ৩ ডিসেম্বর বারাণসীতে যাত্রার সমাপ্তি হবে।
যাত্রাপথে ১০০টিরও বেশি ছোট জনসভা এবং ১৭টি বড় কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিগুলিতে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির জাতীয় স্তরের পদাধিকারীরাও অংশ নেবেন। গুরু রবিদাসের শিক্ষা, তাঁর ‘বেগমপুরা’ বা দুঃখহীন সমাজের ভাবনা এবং সামাজিক সমতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই যাত্রার অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছে বিজেপি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *