iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

সীমান্তে সোনা পাচার চক্রের মূল পাণ্ডা গ্রেপ্তার, রঘুনাথগঞ্জ পুলিশের অভিযানে ধৃত মালেক শেখ

জঙ্গিপুর, ২০ নভেম্বর : সীমান্তে সোনা পাচার চক্রের বিরুদ্ধে তদন্তে বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশ। দীর্ঘদিন ধরে খোঁজ চালানোর পর অবশেষে এই পাচার চক্রের অন্যতম মূল অভিযুক্ত মালেক শেখকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের বাড়ি পিরোজপুর এলাকায়। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে বাহুরা মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সীমান্ত এলাকায় সোনা পাচারের সঙ্গে মালেক শেখের যোগসূত্র রয়েছে বলে অভিযোগ উঠেছিল। সেই সূত্র ধরেই দীর্ঘদিন ধরে তাঁর সন্ধানে ছিলেন তদন্তকারীরা। অবশেষে বুধবার পুলিশের অভিযানে ধরা পড়েন তিনি। তাঁর গ্রেপ্তারিকে সোনা পাচার চক্রের তদন্তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, সীমান্তের ওপারে বা এপারে আরও কোনও পাচারকারী সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পাচারের পদ্ধতি, সোনার উৎস এবং চক্রের অন্যান্য সদস্যদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা করবেন তদন্তকারীরা।
বৃহস্পতিবার ধৃতকে জঙ্গিপুর আদালতে পেশ করে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানোর কথা পুলিশের। এই পাচার চক্রের শিকড় কতদূর বিস্তৃত, এখন সেটাই তদন্তকারীদের কাছে বড় প্রশ্ন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *