আগরতলা, ১৭ নভেম্বর : রাজধানী আগরতলার গোয়ালা বস্তি এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে হামলার মুখে পড়লেন সিপিআইএম মনোনীত প্রার্থী কল্পনা নমঃ সরকার ও তাঁর দলের কর্মী-সমর্থকরা। মঙ্গলবার সকালে আগরতলা পুর নিগমের ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই এলাকায় সংঘটিত হামলার ঘটনায় একাধিক বাম কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ। আহতদের মধ্যে এক অটোচালকও রয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বড়জলার বিধায়ক সুদীপ সরকার।
ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকালে ৪ নম্বর ওয়ার্ডের সিপিআইএম মনোনীত প্রার্থী কল্পনা নমঃ সরকার দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে গোয়ালা বস্তি এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়েছিলেন। ভোটারদের সঙ্গে জনসংযোগ এবং দলের পক্ষে সমর্থন চাওয়ার সময় আচমকাই তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। বাম কর্মী-সমর্থকদের অভিযোগ, এলাকার রূপাই নামে
জনৈক ব্যক্তি এবং আরও কয়েকজন বিজেপি কর্মী লাঠিসোঁটা নিয়ে তাঁদের উপর চড়াও হয়। এই হামলায় সিপিআইএম প্রার্থী ও তাঁর সঙ্গে থাকা কর্মী-সমর্থকরা আক্রান্ত হন। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
অভিযোগ, হামলার সময় ওই রাস্তা দিয়ে অটো নিয়ে যাচ্ছিলেন এক চালক। তাঁর সামনে এলাকার এক বয়স্ক ব্যক্তিকে কয়েকজন মিলে বেধড়ক মারধর করছিল। ওই বৃদ্ধকে হামলাকারীদের হাত থেকে রক্ষা করতে অটোচালক এগিয়ে গেলে তাঁকেও আক্রমণের শিকার হতে হয়। এতে তিনি আহত হন। পরে তাঁকে চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনার খবর পেয়ে আহত অটোচালকের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে জিবিেও হাসপাতালে ছুটে যান বড়জলার বিধায়ক সুদীপ সরকার। সেখানে তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শাসকদলের বিরুদ্ধে সরব হন। সুদীপ সরকারের অভিযোগ, বিজেপি একদিকে ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ স্লোগান দিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছে, অথচ তাদের কর্মীদের বিরুদ্ধেই গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার অভিযোগ উঠছে। তাঁর বক্তব্য, নির্বাচনী প্রচারে বিরোধী দলের প্রার্থী ও কর্মী-সমর্থকদের উপর এ ধরনের হামলা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক।
বাম বিধায়ক আরও অভিযোগ করেন, ২০২১ সালের মতোই এবারও পুর ও নগর নির্বাচনকে প্রহসনে পরিণত করার চক্রান্ত চলছে। বিরোধী দলের প্রার্থীরা যাতে অবাধে প্রচার চালাতে না পারেন, সেই পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। নির্বাচনের সময় প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মী-সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার দাবি জানান তিনি।
এদিকে, গোয়ালা বস্তিতে এই হামলার ঘটনাকে কেন্দ্র করে আগরতলা পুর নিগমের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে গোয়ালা বস্তিতে পৌঁছায় এনসিসি থানার পুলিশ। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনও পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ তুলেছেন বাম কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, হামলাকারীদের গ্রেফতার না করে পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।
পুর ও নগর নির্বাচনের প্রচার পর্বে এ ধরনের হামলার অভিযোগকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই নির্বাচনী নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। গোয়ালা বস্তির এই ঘটনায় পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

