iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

আগরতলার কল্পনাতীত উন্নয়নই বিজেপির জয়ের মূল চাবিকাঠি, দাবি মন্ত্রী বিকাশের

আগরতলা, ১৭ নভেম্বর : আগরতলা শহরের কল্পনাতীত উন্নয়নই আসন্ন পুর নিগম নির্বাচনে বিজেপির বিপুল জয়ের প্রধান হাতিয়ার হয়ে উঠবে। গত আট বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার নেতৃত্বে কেন্দ্রীয় ও রাজ্য সরকার আগরতলার চেহারায় আমূল পরিবর্তন এনেছে। আগামী দিনে বেঙ্গালুরু ও মুম্বইয়ের মতো আধুনিক শহরের আদলে সেজে উঠবে রাজধানী আগরতলা। মঙ্গলবার আগরতলা পুর নিগমের ২২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী হিমানী দেববর্মার সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে এমনটাই দাবি করলেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা।

পুর ও নগর নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার কর্মসূচি জোরদার হচ্ছে। নিজেদের প্রার্থীদের জয় নিশ্চিত করতে বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি জনসংযোগেও বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক দলগুলি। এই পরিস্থিতিতে ২২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী হিমানী দেববর্মার সমর্থনে মঙ্গলবার মাঠে নামেন মন্ত্রী বিকাশ দেববর্মা। প্রার্থীকে সঙ্গে নিয়ে তিনি ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং বিজেপির পক্ষে সমর্থন ও ভোট প্রার্থনা করেন। এদিন ২২ নম্বর ওয়ার্ডের ২ নম্বর বুথ এলাকায় বিশেষভাবে বাড়ি বাড়ি প্রচার চালানো হয়।

প্রচারে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব সন্তোষ সাহা সহ দলের স্থানীয় নেতৃত্ব ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। দলীয় কর্মীদের মধ্যে এদিন যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বাড়ি বাড়ি গিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন তাঁরা। পাশাপাশি আগামী দিনেও আগরতলা শহরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিজেপি প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান।

প্রচারে অংশ নিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, এবারের নির্বাচনে গতবারের তুলনায় আরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হবেন বিজেপি প্রার্থী হিমানী দেববর্মা। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার নেতৃত্বাধীন রাজ্য সরকার গত আট বছরে আগরতলা শহরের যে উন্নয়ন করেছে, তা এক কথায় কল্পনাতীত। একসময়ের আগরতলা আর বর্তমান আগরতলার মধ্যে বিস্তর পার্থক্য তৈরি হয়েছে। শহরের পরিকাঠামো, সৌন্দর্যায়ন এবং আধুনিক নাগরিক পরিষেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলেও তিনি দাবি করেন।

মন্ত্রী আরও বলেন, আগরতলাকে একটি আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। আগামী দিনে বেঙ্গালুরু ও মুম্বইয়ের মতো মহানগরের আদলে আগরতলাকে সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে। তাঁর কথায়, শহরের এই উন্নয়নের ধারা বজায় রাখতে হলে পৌর নিগমেও বিজেপির শক্তিশালী উপস্থিতি প্রয়োজন। আর সেই লক্ষ্যেই এবারের নির্বাচনে বিজেপির পক্ষে জনগণের ব্যাপক সমর্থন মিলবে বলে তিনি আশাবাদী।

উল্লেখ্য, ২০২১ সালের পুর নিগম নির্বাচনেও আগরতলার ২২ নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী হিমানী দেববর্মা। এবারও তাঁকে একই ওয়ার্ড থেকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছেন। পুরনো জয়ের অভিজ্ঞতা এবং দলীয় সাংগঠনিক শক্তিকে হাতিয়ার করে এবারও জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি শিবির।

তবে ২২ নম্বর ওয়ার্ডে এবার মূলত ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হয়েছে। বিজেপির হিমানী দেববর্মার পাশাপাশি জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সঞ্জীব দেববর্মা এবং সিপিআইএম-এর প্রার্থী যমুনা দেববর্মা। ফলে এই ওয়ার্ডে নির্বাচনী লড়াই যে যথেষ্ট আকর্ষণীয় হতে চলেছে, তা বলাই বাহুল্য। যদিও প্রচারের গতিপ্রকৃতি ও দলীয় তৎপরতার নিরিখে বিজেপি প্রার্থী হিমানী দেববর্মা আপাতত এগিয়ে রয়েছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। শেষ পর্যন্ত ভোটাররা কাকে বেছে নেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *