আগরতলা, ১৯ নভেম্বর : প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর ১০৯তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের সামনে মাইক বাজিয়ে বিজেপির নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল রাজধানীর আশ্রম চৌমুহনী এলাকায়। কংগ্রেসের অভিযোগ, একটি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের অনুষ্ঠান চলাকালীন ইচ্ছাকৃতভাবে মাইক বাজিয়ে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করেছে শাসক দল বিজেপি। এই ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়।
বৃহস্পতিবার সারা দেশের পাশাপাশি রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর ১০৯তম জন্মবার্ষিকী। এই উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক কর্মসূচির আয়োজন করে কংগ্রেস দল। এরই অঙ্গ হিসেবে ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আশ্রম চৌমুহনী এলাকায় কংগ্রেস কার্যালয়ের সামনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক গোপাল চন্দ্র রায়-সহ দলের অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকরা।
অনুষ্ঠানের শুরুতে ইন্দিরা গান্ধীর মর্মর মূর্তির সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক গোপালচন্দ্র রায়। এরপর ভারতরত্ন ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি-সহ উপস্থিত কংগ্রেস নেতৃত্ব। সংক্ষিপ্ত এই শ্রদ্ধার্ঘ্য নিবেদন কর্মসূচি চলাকালীনই এলাকায় বিজেপির মাইকযোগে নির্বাচনী প্রচার শুরু হওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু প্রতিটি রাজনৈতিক দলেরই ন্যূনতম সৌজন্যবোধ থাকা প্রয়োজন। ভারতরত্ন তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষয়ে একটি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান চলছিল। এটি কোনও নির্বাচনী প্রচার বা রাজনৈতিক শক্তি প্রদর্শনের কর্মসূচি ছিল না। অথচ সেই অনুষ্ঠান চলাকালীন মাইক বাজিয়ে এমন পরিবেশ তৈরি করা হয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
তিনি আরও অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে মাইক বাজিয়ে অনুষ্ঠানে বিঘ্ন ঘটানো এবং অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে। শাসক দলের এমন আচরণ রাজনৈতিক সৌজন্য ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।
বিজেপিকে কটাক্ষ করে গোপাল চন্দ্র রায় বলেন, শাসক দল আসন্ন নির্বাচন নিয়ে ভীত। তাঁর অভিযোগ, বিজেপির নির্বাচনী রাজনীতি অর্থবল ও বাহুবলের উপর নির্ভরশীল। এই ধরনের কৌশল অবলম্বন করেও বাস্তবে বিজেপি একটি ভোটও পাবে না বলে দাবি করেন তিনি। একই সঙ্গে শাসক দলের এই ধরনের রাজনীতির তীব্র নিন্দা জানান কংগ্রেস বিধায়ক।
উল্লেখ্য, এদিন ৯ বনমালীপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় ভারতরত্ন তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৯তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। প্রতিটি কর্মসূচিতেই উপস্থিত ছিলেন বিধায়ক গোপাল চন্দ্র রায়। শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবন, দেশ পরিচালনায় তাঁর ভূমিকা এবং দেশের প্রতি তাঁর অবদানের কথাও স্মরণ করেন কংগ্রেস নেতৃত্ব।
ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকীর মতো একটি স্মরণীয় দিনে রাজনৈতিক সৌজন্যবোধের প্রশ্নে শাসক ও বিরোধী দলের মধ্যে নতুন করে বাক্বিতণ্ডার আবহ তৈরি হয়েছে আশ্রম চৌমুহনীতে। নগর নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপের মধ্যেই এই ঘটনা দুই দলের মধ্যে পারস্পরিক অসন্তোষ আরও বাড়িয়ে দিল।

