iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

বিরোধীদের অস্তিত্ব রক্ষায় সংবাদ প্রচার বন্ধ রাখার আবেদন মন্ত্রী রতনলাল নাথের

আগরতলা, ১৯ নভেম্বর : রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলির অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে তাদের প্রচার আপাতত বন্ধ রাখার জন্য সংবাদমাধ্যমের কাছে আবেদন জানালেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ। সংবাদমাধ্যমে বিরোধী নেতাদের বক্তব্য ও রাজনৈতিক কর্মসূচি প্রচারিত হওয়ার কারণেই তাঁরা ঘরে বসে প্রচারের সুযোগ পাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রীর দাবি, সংবাদমাধ্যমের প্রচারের উপর নির্ভর করে বিরোধী নেতারা এখন আর মাঠে নেমে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের প্রয়োজন অনুভব করছেন না। এর ফলে বিরোধীরা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে, যা শেষ পর্যন্ত গণতন্ত্রের পক্ষেও ক্ষতিকর।

আসন্ন পুর ও নগর নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। নির্বাচনী প্রচারে নেমে প্রতিদিনই নানা মন্তব্য করে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে উঠে আসছেন মন্ত্রী রতনলাল নাথ। কখনও নির্বাচনী আসনের হিসাব কষে বিরোধীদের সম্ভাব্য আসন সংখ্যা নিয়ে মন্তব্য করছেন, আবার কখনও নিজেকে রাজনৈতিক চিকিৎসক হিসেবে অভিহিত করে বিরোধীদের রাজনৈতিক অবস্থার ব্যাখ্যা দিচ্ছেন। তাঁর একের পর এক মন্তব্য ঘিরে নির্বাচনী আবহে তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক চর্চা।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আরও একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি। বিরোধী রাজনৈতিক দলগুলির অস্তিত্ব রক্ষার স্বার্থে সংবাদমাধ্যমকে তাদের প্রচার বন্ধ রাখার আহ্বান জানান মন্ত্রী। তাঁর বক্তব্যের মূল নির্যাস হলো, সংবাদমাধ্যমের মাধ্যমে বিরোধী নেতারা ঘরে বসেই যথেষ্ট প্রচার পেয়ে যাচ্ছেন। ফলে তাঁদের আর সাধারণ মানুষের কাছে যাওয়ার তাগিদ থাকছে না। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, তাঁদের অভাব-অভিযোগ শোনা কিংবা সুখ-দুঃখের পাশে দাঁড়ানোর মতো রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তাঁরা ক্রমশ দূরে সরে যাচ্ছেন।

মন্ত্রী রতনলাল নাথের যুক্তি, সংবাদমাধ্যমে প্রচার পেয়ে গেলে বিরোধী নেতাদের মনে এমন ধারণা তৈরি হচ্ছে যে, ঘরে বসেই যখন প্রচার পাওয়া যাচ্ছে, তখন আর মানুষের কাছে গিয়ে কী লাভ! এই প্রবণতার কারণেই বিরোধী দলগুলি রাজনৈতিকভাবে আরও দুর্বল হয়ে পড়ছে বলে তাঁর অভিমত। আর রাজ্যে শক্তিশালী বিরোধী রাজনৈতিক শক্তির অভাব গণতান্ত্রিক ব্যবস্থার জন্য শুভ নয় বলেও ইঙ্গিত দেন তিনি।

তবে মন্ত্রীর এই বক্তব্যকে ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক ও সাংবাদিক মহলে নানা প্রশ্নের অবকাশ তৈরি হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলগুলির ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই বিরোধীদের বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ড জনসমক্ষে তুলে ধরার ক্ষেত্রে সংবাদমাধ্যমের ভূমিকাও অনস্বীকার্য। সেই জায়গায় বিরোধীদের অস্তিত্ব রক্ষার জন্য তাদের সংবাদ প্রচার বন্ধ রাখার আহ্বান কতটা যুক্তিসংগত, তা নিয়েও নতুন করে চর্চার অবকাশ তৈরি হয়েছে।

উল্লেখ্য, রাজনৈতিক বক্তব্য ও মন্তব্যের ক্ষেত্রে মন্ত্রী রতনলাল নাথ বরাবরই স্বতন্ত্র বৈশিষ্ট্যের পরিচয় দিয়ে এসেছেন। তাঁর রাজনৈতিক মন্তব্য অতীতেও একাধিকবার রাজ্যের রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। কংগ্রেসের বিধায়ক থাকাকালীন সময়ে বিভিন্ন জনসভা থেকে শুরু করে বিধানসভার অধিবেশন পর্যন্ত তাঁর বক্তব্য ও রাজনৈতিক আক্রমণ ছিল যথেষ্ট আলোচিত। মন্ত্রিত্বের দায়িত্ব গ্রহণের পরও তাঁর মন্তব্যের সেই ধারাবাহিকতা বজায় রয়েছে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, প্রয়াত প্রাক্তন মন্ত্রী অনিল সরকারের রাজনৈতিক বক্তব্যের ধরন ও তীক্ষ্ণ মন্তব্যের সঙ্গে রতনলাল নাথের রাজনৈতিক বক্তব্যের মধ্যে কিছুটা সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। অবশ্য দুজনের রাজনৈতিক অবস্থান ও বক্তব্যের প্রেক্ষাপট আলাদা। তবে রতনলাল নাথের সাম্প্রতিক মন্তব্য আবারও প্রমাণ করল, পুর ও  নগর নির্বাচনকে কেন্দ্র করে শুধু প্রার্থী ও আসনের লড়াই নয়, রাজনৈতিক বক্তব্যের লড়াইও সমান তালে চলছে। বিরোধীদের প্রচার বন্ধ রাখার আবেদন জানিয়ে মন্ত্রীর এই মন্তব্য নির্বাচনী রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *