মুম্বই, ১৮ নভেম্বর : মুম্বইয়ে ধর্মা প্রোডাকশনের দফতরে গেলেন ব্রিটেনের প্রিন্স অব ওয়েলস উইলিয়াম। সেখানে তাঁকে স্বাগত জানান চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক করণ জোহর এবং অভিনেতা সইফ আলি খান ও করিনা কপূর খান।
প্রিন্স উইলিয়ামের সঙ্গে সাক্ষাতের পর উচ্ছ্বাস প্রকাশ করেন করণ জোহর। তাঁর কথায়, ধর্মা প্রোডাকশনের দফতরে প্রিন্স উইলিয়ামের আগমন তাঁদের কাছে অত্যন্ত সম্মানের বিষয়। তিনি বলেন, “এটি ছিল অসাধারণ অভিজ্ঞতা। তাঁর রয়্যাল হাইনেস প্রিন্স উইলিয়ামকে ধর্মা প্রোডাকশনে স্বাগত জানানো আমাদের কাছে বিশেষ সম্মান ও গর্বের। তিনি অত্যন্ত আন্তরিক ও বিনয়ী। ভারতীয় সিনেমার সম্ভাবনা এবং বিভিন্ন ভারতীয় ভাষার ছবির বিশ্বজুড়ে জনপ্রিয়তা নিয়ে তাঁর সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে।”
করণ আরও জানান, প্রিন্স উইলিয়ামের সঙ্গে আলাপচারিতা তাঁর কাছে খুবই ভালো লেগেছে। তাঁর মতে, প্রিন্স উইলিয়াম অত্যন্ত উষ্ণ ও সহজ স্বভাবের মানুষ।

