iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

উন্নয়নের খতিয়ান হাতে নিয়ে ১৯ নম্বর ওয়ার্ডে বিজেপিসহ ত্রিদলীয় জোটের যৌথ প্রচার

আগরতলা, ১৮ নভেম্বর  : উন্নয়নের খতিয়ানকে হাতিয়ার করেই আগরতলা পুর নিগমের নির্বাচনী লড়াইয়ে ঝাঁপিয়েছে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি। বিরোধীদের মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে নির্বাচনী ময়দানে নেমে তিন দলের নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা শুরু করেছেন যৌথ প্রচার। বুধবার আগরতলা পুর নিগমের ১৯ নম্বর ওয়ার্ডে বিজেপি মনোনীত প্রার্থী ভাস্বতী দেববর্মার সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচারে অংশ নেন ত্রিদলীয় জোটের শীর্ষ নেতৃত্ব। প্রচারে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ, টিটিএএডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা, প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ তিন দলের প্রচুর সংখ্যক নেতা ও কর্মী-সমর্থক।

আগরতলা পুর নিগমের ৫১টি ওয়ার্ডেই জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে নির্বাচনী প্রচারে নেমেছে শাসক জোট। বিরোধী শিবিরকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি নেতৃত্ব। সেই লক্ষ্যেই বিভিন্ন ওয়ার্ডে যৌথভাবে বাড়ি বাড়ি প্রচার চালানো হচ্ছে। বুধবার ১৯ নম্বর ওয়ার্ডে ভাস্বতী দেববর্মার সমর্থনে আয়োজিত প্রচার কর্মসূচিতে তিন দলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে নির্বাচনী আবহ আরও জমে ওঠে।

প্রচার চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, গত পাঁচ বছরে আগরতলা শহরে যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের নিরিখেই তাঁরা মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছেন। ৫১টি ওয়ার্ডেই বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি যৌথভাবে প্রচার চালাচ্ছে। প্রতিটি ওয়ার্ডে বিজেপি মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আগরতলা শহরে গত পাঁচ বছরে সম্পন্ন হওয়া উন্নয়নমূলক কাজের পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী জানান, এই সময়ের মধ্যে শহরে ৪০ কিলোমিটার ইট সোলিং রাস্তা, ৭৭ কিলোমিটার সিসিআরসিসি রাস্তা, ৭০ কিলোমিটার ওপেন ড্রেন এবং ৬ কিলোমিটার কভার ড্রেন নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ৪০ কিলোমিটার পেভার ব্লকের কাজও সম্পন্ন হয়েছে। তাঁর দাবি, গত পাঁচ বছরে আগরতলা শহরের সামগ্রিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় হয়েছে ৫৪৮ কোটি টাকা।

মন্ত্রী আরও জানান, দেশের ২২টি স্মার্ট সিটির মধ্যে নির্ধারিত সময়ে সঠিকভাবে অর্থ ব্যয়ের ক্ষেত্রে আগরতলা পুর নিগম বিশেষ স্বীকৃতি ও পুরস্কার পেয়েছে। তাঁর বক্তব্য, শহরের রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা এবং নাগরিক পরিষেবার উন্নয়নই এবারের নির্বাচনে শাসক জোটের প্রধান প্রচারের বিষয়। উন্নয়নের এই তথ্য ও পরিসংখ্যান সামনে রেখেই তাঁরা ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন বলে জানান রতনলাল নাথ।

অন্যদিকে, প্রচার কর্মসূচিতে অংশ নিয়ে টিটিএডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা জানান, রাজ্যের বিশ্রামগঞ্জ, আমবাসা ও সাব্রুম ছাড়া অন্যান্য নগর সংস্থাগুলিতে বিজেপি, তিপ্রা মথা এবং আইপিএফটির যৌথ নির্বাচনী প্রচার শুরু হয়েছে। তাঁর দাবি, ত্রিদলীয় জোটের ঐক্যবদ্ধ শক্তিকে রুখে দেওয়ার ক্ষমতা বিরোধীদের নেই।

আগরতলা পুর নিগমের নির্বাচনে তিপ্রা মথার নিজস্ব প্রার্থী না থাকার বিষয়টি নিয়েও এদিন স্পষ্ট বক্তব্য রাখেন তিনি। রুনিয়েল দেববর্মা জানান, আগরতলা শহরে তিপ্রা মথার হয়ে কোনও প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন না। দলীয়ভাবে কাউকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া হয়নি। অর্থাৎ, আগরতলার নির্বাচনী লড়াইয়ে তিপ্রা মথা বিজেপি প্রার্থীদের সমর্থনে জোটসঙ্গী হিসেবেই প্রচারে অংশ নিচ্ছে।

উল্লেখ্য, এবারের নগর নির্বাচনে বিজেপির প্রধান নির্বাচনী স্লোগান উন্নয়ন। গত পাঁচ বছরে নগর সংস্থাগুলিতে সম্পন্ন হওয়া বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে ভোটারদের মন জয়ের চেষ্টা করছে শাসক জোট। বিশেষ করে রাস্তা নির্মাণ, নিকাশি ব্যবস্থার সম্প্রসারণ এবং স্মার্ট সিটি প্রকল্পের সাফল্যকে প্রচারের অন্যতম হাতিয়ার করা হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *