iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

বিজেপি আসলে ‘ওয়াশিং মেশিন’, দলে যোগ দিলেই চোর-গুণ্ডাদের অপরাধ মাফ : সুদীপ

আগরতলা, ১৮ নভেম্বর : বিজেপিকে ‘ওয়াশিং মেশিন’ আখ্যা দিয়ে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। চোর, গুণ্ডা, জমি মাফিয়া ও ড্রাগ মাফিয়ারা বিজেপিতে যোগদান করলেই তাদের সমস্ত অপরাধ ধুয়ে-মুছে সাফ হয়ে যায় বলে অভিযোগ তুলেছেন তিনি। বুধবার আগরতলা পুর নিগমের ১৩ নম্বর ওয়ার্ডের কংগ্রেস মনোনীত প্রার্থী চিত্তরঞ্জন মজুমদারের সমর্থনে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপির বিরুদ্ধে এই বিস্ফোরক মন্তব্য করেন ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুদীপ রায় বর্মন।

এদিন ১৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কংগ্রেস প্রার্থী চিত্তরঞ্জন মজুমদারকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচারে অংশ নেন সুদীপ রায় বর্মন। তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস দলের অন্যান্য নেতা, কর্মী ও সমর্থকরা। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলার পাশাপাশি কংগ্রেস প্রার্থীর পক্ষে সমর্থন চান তাঁরা। একই সঙ্গে মাইকযোগেও সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার চালানো হয়।

নির্বাচনী প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ রায় বর্মন বলেন, আগরতলা শহরের বর্তমান পরিস্থিতি থেকে শুরু করে রাজ্য ও দেশের সামগ্রিক অবস্থা সম্পর্কে সাধারণ মানুষ যথেষ্ট সচেতন। মানুষ প্রতিদিনের অভিজ্ঞতা থেকেই নিজেদের বিচার-বিবেচনা অনুযায়ী ভোট দেবেন। নির্বাচনে কংগ্রেসের পক্ষে ভালো সাড়া মিলছে বলেও দাবি করেন তিনি। তাঁর কথায়, নাগরিকদের কাছ থেকে যে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে, তাতে নগর নির্বাচনে কংগ্রেসের জয় নিয়ে দল যথেষ্ট আত্মবিশ্বাসী।

এদিন আগরতলা শহরের বিভিন্ন সরকারি জমি দখলের অভিযোগও সামনে আনেন কংগ্রেস বিধায়ক। তাঁর দাবি, বিজেপির একাধিক কর্পোরেটর ও নেতৃবৃন্দ শহরের বিভিন্ন স্থানে সরকারি জায়গা দখল করে রেখেছেন। ১৩ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী চিত্তরঞ্জন মজুমদার জয়ী হলে এই ধরনের অভিযোগগুলি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

বিজেপির বিরুদ্ধে আক্রমণের সুর আরও চড়িয়ে সুদীপ রায় বর্মন বলেন, বিজেপি একটি ওয়াশিং মেশিনের মতো কাজ করছে। তাঁর অভিযোগ, চোর, হার্মাদ, গুণ্ডা, জমি মাফিয়া কিংবা ড্রাগ মাফিয়ারা বিজেপিতে যোগদান করলেই তাদের অতীতের সমস্ত অপরাধ যেন ক্ষমার যোগ্য হয়ে যায়। আইনও তাদের স্পর্শ করে না বলে কটাক্ষ করেন তিনি। তাঁর মতে, এই ধরনের রাজনৈতিক সংস্কৃতির কারণেই সমাজব্যবস্থায় বড় ধরনের অবক্ষয় দেখা দিয়েছে।

পুর ও নগর নির্বাচনের প্রচারে একদিকে নাগরিক পরিষেবার প্রশ্ন, অন্যদিকে সরকারি জমি দখল ও আইনশৃঙ্খলার মতো বিষয়গুলিকে সামনে রেখে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে কংগ্রেস। ১৩ নম্বর ওয়ার্ডে চিত্তরঞ্জন মজুমদারের জয়ের লক্ষ্যে এদিন সুদীপ রায় বর্মনের প্রচার কর্মসূচিতে দলের কর্মী-সমর্থকদের উপস্থিতিও ছিল লক্ষ্যণীয়। নির্বাচনে শেষ পর্যন্ত ভোটাররা কোন পক্ষের প্রতি আস্থা রাখেন, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *