iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে গোঘাটে শুভেন্দু অধিকারী, সেলামপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন ঘিরে তুঙ্গে প্রস্তুতি, উন্নয়নের দাবিতে আশায় বুক বাঁধছেন গ্রামবাসীরা

হুগলি, ১৭ নভেম্বর :রাজ্যে পালাবদলের পর প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে হুগলি জেলার গোঘাট বিধানসভা এলাকায় আসছেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার হুগলি ও পশ্চিম মেদিনীপুর জেলার সীমানাবর্তী গোঘাট-২ নম্বর ব্লকের সেলামপুর গ্রামে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে আসার কথা রয়েছে তাঁর। স্থানীয় বিধায়ক প্রশান্ত দিগারের উদ্যোগে আয়োজিত এই পুজোর উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই সমগ্র এলাকায় সাজো সাজো রব পড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর এই সফর উপলক্ষে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ার মতো।দলীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে হুগলি জেলার মোট তিনটি স্থানে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
সূচি অনুযায়ী, প্রথমে সিঙ্গুর, এরপর খানাকুল এবং সবশেষে গোঘাটের সেলামপুরে পৌঁছনোর কথা রয়েছে তাঁর। সেলামপুরে পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেও সেখানে কোনো রাজনৈতিক সভার আয়োজন করা হচ্ছে না। তবে উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখতে পারেন বলে জানা যাচ্ছে।মুখ্যমন্ত্রীর এই আগমনকে ঘিরে বিশেষভাবে উচ্ছ্বসিত সেলামপুর ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অনেকেরই বক্তব্য, এর আগে কোনো মুখ্যমন্ত্রীকে নিজেদের গ্রামে এত কাছ থেকে দেখার সুযোগ তাঁদের হয়নি। তাই এবার তাঁকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন গ্রামবাসীরা।
কেউ মুখ্যমন্ত্রীর ওপর পুষ্পবৃষ্টির পরিকল্পনা করছেন, আবার কেউ কাছ থেকে তাঁকে দেখার ও হাত মেলানোর আশায় রয়েছেন।তবে মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে উৎসবের আমেজের পাশাপাশি এলাকার দীর্ঘদিনের অনুন্নয়ন ও পরিকাঠামোগত সমস্যার দাবিগুলিও জোরালোভাবে সামনে আসছে। গ্রামবাসীদের আশা, মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি নিজেদের অভাব-অভিযোগের কথা তুলে ধরতে পারবেন তাঁরা। সেই উদ্দেশ্যে এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি লিখিত আকারে স্থানীয় বিধায়ক প্রশান্ত দিগারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
এলাকাবাসীর প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে ঐতিহাসিক গড় মান্দারণ পর্যটন কেন্দ্রটিকে একটি আধুনিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা, গোঘাটে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণ, কামারপুকুর থেকে বদনগঞ্জ পর্যন্ত সড়কপথটি চার লেনে উন্নীত করা, কামারপুকুরকে দ্রুত পুরসভায় পরিণত করে সার্বিক উন্নয়নমূলক কাজ শুরু করা এবং ইতিহাসপ্রসিদ্ধ কাজলা দিঘির সংস্কার ও সৌন্দর্যায়ন। পাশাপাশি গোটা এলাকার সামগ্রিক পরিকাঠামোগত উন্নয়নের বিষয়টিও মুখ্যমন্ত্রীর নজরে আনতে চান বাসিন্দারা।এক স্থানীয় গ্রামবাসীর কথায়, “এর আগে কোনো মুখ্যমন্ত্রী আমাদের গ্রামে আসেননি।
উনি আসছেন জেনে আমরা ভীষণ খুশি। আমাদের এলাকার দীর্ঘদিনের জমে থাকা সমস্যাগুলি সরাসরি তাঁর কাছে তুলে ধরতে পারব বলে আশা করছি।”অন্যদিকে, মুখ্যমন্ত্রীর এই হাই-প্রোফাইল সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের তরফেও নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে। অনুষ্ঠানস্থল ও সংলগ্ন এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এবং পুলিশি টহলদারি। সব মিলিয়ে সেলামপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনকে ঘিরে একদিকে যেমন উৎসবের আবহ তৈরি হয়েছে, তেমনই মুখ্যমন্ত্রীর সফরে এলাকার দীর্ঘদিনের উন্নয়নের দাবিগুলি পূরণ হওয়ার আশায় বুক বাঁধছেন গোঘাটবাসী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *