আগরতলা, ১৭ নভেম্বর : পুর ও নগর নির্বাচনে পরাজয় নিশ্চিত বুঝতে পেরেই আইনশৃঙ্খলা পরিস্থিতির ইস্যুকে সামনে রেখে ধর্নার নামে নাটক মঞ্চস্থ করছে কংগ্রেস। রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতেই এ ধরনের রাজনৈতিক কৌশল অবলম্বন করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। মঙ্গলবার আগরতলা পুর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী নীতু দে গুহ-র সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন বিজেপি-র রাজ্য সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়।
আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে প্রচারের শেষ পর্যায়ে এখন বাড়ি বাড়ি জনসংযোগে ব্যস্ত বিজেপি-র মনোনীত প্রার্থীরা। প্রার্থীদের সমর্থনে মাঠে নেমেছেন দলের রাজ্য ও জেলা স্তরের নেতৃত্বও। মঙ্গলবার ৩৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী নীতু দে গুহ-র সমর্থনে রাজধানীর বর্ডার গোল চক্কর সংলগ্ন জয়পুর এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন বিজেপি-র রাজ্য সভাপতি অভিষেক দেবরায়। তাঁর সঙ্গে ছিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আগরতলা পুর নিগমের বর্তমান মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপি-র সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রচার কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুর ও নগর নির্বাচনের প্রাক্কালে বিরোধী কংগ্রেস ও সিপিআইএম-এর ভূমিকা নিয়ে সরব হন বিজেপি রাজ্য সভাপতি। তাঁর বক্তব্য, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে অনেক সুন্দর সুন্দর গল্প বলা যায়। কিন্তু মানুষের প্রকৃত সমস্যা জানতে হলে মাঠে-ময়দানে নেমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হয়। যারা শহরের উন্নয়ন হয়নি বলে অভিযোগ করছেন, তাঁদের ৩৬ নম্বর ওয়ার্ডে এসে বাস্তবে উন্নয়নমূলক কাজকর্ম দেখে যাওয়ার আহ্বান জানান তিনি। বিজেপি সরকারের আমলে এবং পুর নিগমের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় যে উন্নয়ন হয়েছে, তা সাধারণ মানুষ প্রত্যক্ষ করছেন বলেও দাবি করেন অভিষেক দেবরায়।
অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে কংগ্রেসের ধর্না কর্মসূচি নিয়েও কটাক্ষ করেন তিনি। বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ, কংগ্রেসের কাছে নতুন কোনও রাজনৈতিক ইস্যু নেই। নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকেই পুরনো কৌশল অবলম্বন করে ধর্না ও আন্দোলনের নামে রাজনৈতিক নাটক করছে তারা। রাজনীতিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই এ ধরনের পলিটিক্যাল গিমিক তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে, মঙ্গলবার আগরতলা পুর নিগমের ১৫ নম্বর ওয়ার্ডেও জোরদার নির্বাচনী প্রচার চালান বিজেপি-র মনোনীত প্রার্থী নিবাস দাস। এদিন তিনি দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন। উল্লেখ্য, এই ওয়ার্ড থেকে দ্বিতীয়বারের মতো নিবাস দাসকে নির্বাচনী লড়াইয়ে প্রার্থী করেছে বিজেপি। প্রচার চলাকালীন সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে দাবি তাঁর।
নির্বাচনী প্রচারে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি প্রার্থী নিবাস দাস দাবি করেন, সংশ্লিষ্ট ওয়ার্ডে বিরোধীদের কার্যত কোনও অস্তিত্ব নেই। বিরোধী দলের প্রার্থীদের অনেককেই এলাকার মানুষ চেনেন না বলেও মন্তব্য করেন তিনি। গতবারের মতো এবারও এলাকার মানুষ বিজেপি-র পাশে থাকবেন এবং বিপুল ভোটে তাঁকে জয়যুক্ত করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন নিবাস দাস।
নগর নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বিভিন্ন ওয়ার্ডে রাজনৈতিক দলগুলির প্রচার ও পাল্টা প্রচারে উত্তাপ বাড়ছে। উন্নয়নের খতিয়ান, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিরোধীদের সাংগঠনিক শক্তি—এই তিনটি বিষয়কে কেন্দ্র করেই এখন ভোটের ময়দানে চলছে রাজনৈতিক তরজা।

