iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

প্যারা মিলিটারি ও মাইক্রো অবজারভার নিয়োগের দাবিতে জেলাশাসকের দফতরের সামনে কংগ্রেসের ধর্না

আগরতলা, ১৬ নভেম্বর : ভিলেজ কমিটির নির্বাচনে যদি প্রতিটি ভোটকেন্দ্রে প্যারা মিলিটারি বাহিনী মোতায়েন করা সম্ভব হয়, তাহলে নগর নির্বাচনে সেই ব্যবস্থা গ্রহণে আপত্তি কোথায়? এই প্রশ্ন তুলে আসন্ন নগর নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন এবং মাইক্রো অবজারভার নিয়োগের দাবিতে সরব হলো প্রদেশ কংগ্রেস। সোমবার এই দাবিকে সামনে রেখে পশ্চিম জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক ডাঃ বিশাল কুমারের কার্যালয়ের সামনে ধর্নায় বসেন কংগ্রেস নেতৃবৃন্দ। কর্মসূচিতে নেতৃত্ব দেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।

এদিন নগর নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করার দাবিতে প্রদেশ কংগ্রেসের একটি প্রতিনিধি দল পশ্চিম জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক ডাঃ বিশাল কুমারের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন প্রদান করেন। প্রতিনিধি দলের পক্ষ থেকে প্রতিটি ভোটকেন্দ্রে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েনের পাশাপাশি মাইক্রো অবজারভার নিয়োগের দাবি জানানো হয়। তাঁদের বক্তব্য, নির্বাচনে ভোটারদের নিরাপত্তা ও ভোটদানের পরিবেশ সুনিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি।

কিন্তু ডেপুটেশন প্রদানকালে জেলা নির্বাচনী আধিকারিকের বক্তব্যে সন্তুষ্ট হতে পারেননি কংগ্রেস নেতৃত্ব। দাবিগুলির বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস না মেলায় তাঁরা জেলাশাসকের কার্যালয়ের সামনেই নীরব ধর্নায় বসে পড়েন। এই কর্মসূচিতে বিধায়ক সুদীপ রায় বর্মন ছাড়াও প্রদেশ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের প্রধান এবং দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধর্না কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, ভিলেজ কমিটির নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে প্যারা মিলিটারি ফোর্স মোতায়েন করা হয়েছিল। তাহলে নগর নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ নির্বাচনে কেন একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে না? তাঁর প্রশ্ন, নির্বাচনের গুরুত্ব ও স্পর্শকাতরতা বিবেচনায় প্রতিটি ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না।

তিনি আরও জানান, প্রতিটি ভোটকেন্দ্রে মাইক্রো অবজারভার নিয়োগের দাবিও জেলা নির্বাচনী আধিকারিকের কাছে জানানো হয়েছে। কিন্তু এই বিষয়ে কোনও সুস্পষ্ট আশ্বাস পাওয়া যায়নি। কংগ্রেসের দাবি, ভোটগ্রহণ প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে মাইক্রো অবজারভারের উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং মাইক্রো অবজারভার নিয়োগের দাবি পূরণ না হওয়া পর্যন্ত জেলাশাসকের কার্যালয়ের সামনে তাঁদের নীরব ধর্না কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান সুদীপ রায় বর্মন।

অন্যদিকে, এদিনের ডেপুটেশন ও ধর্না প্রসঙ্গে পশ্চিম জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক ডাঃ বিশাল কুমার জানান, কেন্দ্রীয় প্যারা মিলিটারি ফোর্স মোতায়েনের বিষয়টি বর্তমানে আলোচনার পর্যায়ে রয়েছে। একইভাবে প্রতিটি ভোটকেন্দ্রে মাইক্রো অবজারভার নিয়োগের বিষয়টিও রাজ্য নির্বাচন কমিশন খতিয়ে দেখছে। সম্ভব হলে সংশ্লিষ্ট ব্যবস্থাগুলি গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

পুর ও নগর নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলির মধ্যে ইতিমধ্যেই নিরাপত্তা ও ভোটগ্রহণের স্বচ্ছতা নিয়ে জোরদার আলোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে কংগ্রেসের ধর্না কর্মসূচি নির্বাচন-পূর্ব রাজনৈতিক উত্তাপকে আরও বাড়িয়ে দিল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *