আগরতলা, ২ অক্টোবর : যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার আগরতলায় পালিত হলো জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। গান্ধীজয়ন্তী উপলক্ষ্যে এদিন সকালে সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তি এবং গান্ধীঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।
এদিন প্রথমে সার্কিট হাউস প্রাঙ্গণে স্থাপিত মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান রাজ্যপাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সান্ত্বনা চাকমা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এ সময় মহাত্মা গান্ধীর স্মরণে সংগীত পরিবেশন করা হয়।
এরপর রাজ্যপাল গান্ধীঘাটে যান এবং সেখানে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। গান্ধীজয়ন্তী উপলক্ষ্যে গান্ধীঘাট এলাকায়ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর জীবন, কর্ম ও দেশের স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদানের কথা স্মরণ করা হয়।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মহাত্মা গান্ধীর আদর্শ ও দর্শনের প্রাসঙ্গিকতার কথা তুলে ধরেন। তিনি বলেন, অহিংসা, শান্তি, সম্প্রীতি ও স্বচ্ছতার যে বার্তা মহাত্মা গান্ধী দেশবাসীর সামনে তুলে ধরেছিলেন, তা আজও সমানভাবে গুরুত্বপূর্ণ। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজ ও দেশের উন্নয়নে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করার আহ্বান জানান রাজ্যপাল।
তিনি আরও বলেন, মহাত্মা গান্ধীর জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস। তাঁর দেখানো পথে চলার মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ আরও শক্তিশালী করা সম্ভব। গান্ধীজয়ন্তীর এই দিনে তাঁর আদর্শকে জীবনে বাস্তবায়িত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান রাজ্যপাল।

