iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

জেন-জি আন্দোলনের শিক্ষা নিয়ে সরকার পরিবর্তনের ডাক মানিক দে-র

আগরতলা, ২৩ আগস্ট  :  জেন-জি ছাত্র আন্দোলনের উদাহরণ টেনে বর্তমান ত্রিপুরা সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলে সরকার পরিবর্তনের ডাক দিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে। তাঁর অভিযোগ, বিজেপি নেতৃত্বাধীন বর্তমান সরকার গণতান্ত্রিক ও মানবিক আচরণ করছে না। ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের স্বার্থ উপেক্ষা করে একদিকে পুঁজিপতিদের সুবিধা করে দেওয়া হচ্ছে, অন্যদিকে উচ্ছেদ ও প্রশাসনিক অভিযানের মাধ্যমে ছোট ব্যবসায়ীদের জীবিকা বিপন্ন করা হচ্ছে।

রবিবার ভানু ঘোষ স্মৃতিভবনে ত্রিপুরা রাজ্য হকার্স ইউনিয়নের পঞ্চম রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মানিক দে বলেন, বর্তমান সরকারকে আর বেশিদিন ক্ষমতায় রাখা যায় না। গণতন্ত্র ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় সরকার পরিবর্তনের লক্ষ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে।

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সিআইটিইউ রাজ্য সভাপতি অভিযোগ করেন, রাজ্যে ব্যবসা পরিচালনার পুরনো ব্যবস্থা পরিবর্তন করে এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছে, যেখানে হাতে গোনা কয়েকজন পুঁজিপতি ও বড় ব্যবসায়ী লাভবান হচ্ছেন। এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ী, হকার ও স্বনির্ভর মানুষরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারছেন না। তাঁদের জীবিকা ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ছে।

মানিক দের আরও অভিযোগ, ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর বিভিন্নভাবে নিপীড়ন চালানো হচ্ছে। উচ্ছেদ অভিযান ও বুলডোজার চালানোর মাধ্যমে বহু ছোট ব্যবসায়ীর জীবিকা কেড়ে নেওয়া হচ্ছে। তাঁর বক্তব্য, রাস্তা বা সরকারি জমি দখলমুক্ত করার প্রয়োজন থাকলেও ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদের আগে আইন অনুযায়ী বিকল্প ব্যবস্থা করার দায়িত্ব সরকারের। কিন্তু সেই দায়িত্ব পালনে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

তিনি বলেন, “ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করার আগে তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা করা আইনসঙ্গত দায়িত্ব। কিন্তু সরকার সেই ব্যবস্থা না করে বুলডোজার চালিয়ে উচ্ছেদ করছে। এ ধরনের আচরণ কোনও গণতান্ত্রিক ও মানবিক সরকারের পরিচয় হতে পারে না।”

বর্তমান সরকারের নীতির তীব্র সমালোচনা করে মানিক দে বলেন, সাধারণ মানুষের জীবন-জীবিকা সুরক্ষার পরিবর্তে সরকার বড় পুঁজিপতি ও ব্যবসায়ীদের স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে। তাঁর দাবি, এই পরিস্থিতিতে হকার, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বার্থে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা জরুরি।

সম্প্রতি বিভিন্ন দেশে এবং বিশেষ করে জেন-জি ছাত্র-যুবদের আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, তরুণ প্রজন্ম অন্যায় ও অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে কীভাবে রাস্তায় নেমে প্রতিবাদ গড়ে তুলতে পারে, তা সাম্প্রতিক ঘটনাবলি দেখিয়ে দিয়েছে। ত্রিপুরাতেও একইভাবে দুর্বার গণআন্দোলন গড়ে তুলে বর্তমান সরকারকে পরাস্ত করার আহ্বান জানান তিনি।

মানিক দে বলেন, শুধু হকার বা ক্ষুদ্র ব্যবসায়ীদের আন্দোলন নয়, সমাজের বিভিন্ন অংশের মানুষের সমস্যা ও দাবিকে একত্রিত করে বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলতে হবে। তাঁর দাবি, সাধারণ মানুষের অধিকার, কর্মসংস্থান ও জীবিকা রক্ষার প্রশ্নে ঐক্যবদ্ধ সংগ্রামই আগামী দিনে সরকারের উপর চাপ তৈরি করতে পারে।

এদিনের সম্মেলনে হকারদের বিভিন্ন সমস্যা, তাঁদের জীবিকা সুরক্ষা, উচ্ছেদ অভিযান এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়। সম্মেলনে সিআইটিইউ সাধারণ সম্পাদক তথা প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত-সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্মেলনকে কেন্দ্র করে হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যৎ আন্দোলনের কর্মসূচি নিয়েও আলোচনা হয়। সরকারের বর্তমান নীতির বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তাই এদিনের সম্মেলন থেকে দেওয়া হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *