আগরতলা, ২২ মে : রাজধানী আগরতলায় ধলেশ্বর জেল আশ্রম রোড এলাকার এমডি অ্যাপার্টমেন্ট থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম দিশান দাস (২৭)। এই মর্মান্তিক ঘটনায় পরিবার-পরিজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে এমডি অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে দিশান দাসকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের পৌঁছানোর আগেই যুবকের পিতা দীনেশ দাস ছেলেকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে আনেন বলে জানা গেছে।
পরবর্তীতে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবিপি হাসপাতালের মর্গে পাঠায়। শুক্রবার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়।
কি কারণে দিশান দাস এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে করা হলেও, সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে, যুবকের অকাল মৃত্যুর ঘটনায় ধলেশ্বর জেল আশ্রম রোড এলাকায় নেমে এসেছে শোকের আবহ। প্রতিবেশীরা জানান, দিশান শান্ত স্বভাবের যুবক ছিলেন। হঠাৎ এমন ঘটনার খবর পেয়ে তাঁরা হতবাক।

