ধর্মনগর, ৭ মে : উত্তর ত্রিপুরার যুবরাজনগর বাজারে বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাত আনুমানিক সাড়ে ৯টা নাগাদ আচমকাই বাজারের একটি দোকান থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতেও।
অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় অন্তত তিনটি দোকান। এর মধ্যে রয়েছে মুসাব্বির আলীর মুদির দোকান, আকরাম হোসেনের মুদির দোকান এবং একটি হার্ডওয়ারের দোকান। আগুনের তীব্রতায় দোকানের ভিতরে থাকা নগদ টাকা, খাদ্যপণ্য, নির্মাণসামগ্রী ও অন্যান্য মালপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন।
ঘটনার সময় বাজারে উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে তা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর দমকল দফতরের একাধিক ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দমকল দফতর ও সংশ্লিষ্ট প্রশাসন।
ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রশাসনের কাছে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন। রাতের এই অগ্নিকাণ্ডে গোটা বাজার এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।

