iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

পশ্চিমবঙ্গে বিজেপি-র সাফল্যে রঙে-আবিরে মাতল ফটিকরায়, বেরোল বিজয় মিছিল

কুমারঘাট , মে : পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু ও কেরল—এই চার রাজ্যের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয়কে কেন্দ্র করে দেশজুড়ে উচ্ছ্বাসের আবহ তৈরি হয়েছে। সেই জয়ের রেশ স্পষ্টভাবে ধরা পড়ল ত্রিপুরার ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা এলাকাতেও। শাসকদল বিজেপি-র উদ্যোগে সোমবার ফটিকরায় বাজার এলাকায় আয়োজন করা হয় বিজয় মিছিল।

দলীয় সূত্রে জানা গেছে, বিজেপি-র ফটিকরায় মণ্ডল কমিটির উদ্যোগে সংগঠিত এই মিছিলে অংশ নেন বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাসের নেতৃত্বে মিছিলটি ফটিকরায় বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। মিছিল চলাকালীন দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

এদিনের বিজয় মিছিল ঘিরে ফটিকরায়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। কর্মী-সমর্থকরা আবির ও রঙে একে অপরকে রাঙিয়ে বিজয়ের আনন্দ ভাগ করে নেন। ঢাক-ঢোল ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে বাজার এলাকা, যা সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল ও আগ্রহের সৃষ্টি করে।

এ প্রসঙ্গে মন্ত্রী সুধাংশু দাস বলেন, “এই জয় বিজেপির কাছে প্রত্যাশিতই ছিল। তবে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল একটি বড় চ্যালেঞ্জ ছিল, যা আমরা সফলভাবে অতিক্রম করেছি।” তিনি আরও দাবি করেন, বিভিন্ন রাজ্যের নির্বাচনে এই ফলাফল দেশের রাজনৈতিক মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত বহন করছে এবং ভারত ক্রমশই কমিউনিস্ট প্রভাবমুক্ত হচ্ছে।

দলীয় নেতৃত্বের মতে, এই জয় আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং উন্নয়নের ধারাকে আরও ত্বরান্বিত করবে। ফটিকরায়ের এই বিজয় মিছিল সেই আত্মবিশ্বাসেরই প্রতিফলন বলে মনে করছে রাজনৈতিক মহল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *