iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

লেক চৌমুহনী বাজারে পরিচালন কমিটি ভেঙে দেওয়ার হুঁশিয়ারি, তদন্তের আশ্বাস মেয়রের

আগরতলা, ৪ এপ্রিল : আগরতলা পুর নিগমের অধীন লেক চৌমুহনী বাজারের পরিচালন কমিটির বিরুদ্ধে ওঠা একাধিক গুরুতর অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনে কমিটি ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। শনিবার ব্যবসায়ীদের প্রতিনিধিদল ডেপুটেশন প্রদান করলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা জানান।

জানা গেছে, সম্পাদক তপন মালাকারের নেতৃত্বাধীন বর্তমান পরিচালন কমিটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছিল বাজারের ব্যবসায়ীদের মধ্যে। অভিযোগ উঠেছে, অর্থের বিনিময়ে বাজারের একাধিক জায়গা নির্দিষ্ট কিছু ব্যবসায়ীর কাছে বরাদ্দ করা হচ্ছে। এছাড়াও বাজার পরিচালনার ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা, অসংগঠিত ব্যবস্থা এবং ব্যবসায়ীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে কমিটির বিরুদ্ধে।

এই পরিস্থিতিতে ক্ষুব্ধ ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে এদিন আগরতলা পুর নিগমের মেয়রের কাছে ডেপুটেশন প্রদান করেন। প্রতিনিধিদলের পক্ষ থেকে অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

ডেপুটেশন গ্রহণের পর মেয়র দীপক মজুমদার জানান, লেক চৌমুহনী বাজারের একটি বড় অংশের ব্যবসায়ী বর্তমান পরিচালন কমিটির কাজকর্মে অসন্তুষ্ট। তাঁদের পক্ষ থেকে একাধিক অভিযোগ লিখিতভাবে জমা পড়েছে। তিনি বলেন, “অভিযোগগুলির পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। যদি অভিযোগের সত্যতা প্রমাণিত হয়, তাহলে বর্তমান পরিচালন কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হবে।”

এদিকে, পরিচালন কমিটির বিরুদ্ধে ব্যবসায়ীদের বৃহৎ অংশের একযোগে সরব হওয়ার ঘটনায় লেক চৌমুহনী বাজার এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি যাতে অবনতির দিকে না যায়, সেদিকে নজর রাখছে প্রশাসন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *