iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

মোদীর নেতৃত্বে উত্তর-পূর্বে উন্নয়নের নতুন দিগন্ত, ২০৪৭ পর্যন্ত চলবে বিকাশের জয়যাত্রা

আগরতলা, ১৪ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চলে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে এবং আগামী দিনেও সেই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা ও কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষ্যে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত রাজ্যভিত্তিক জনকল্যাণ শিবিরে তাঁরা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষ্যে দেশব্যাপী ৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে রবিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব গ্রহণের পর থেকেই উত্তর-পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। ‘অ্যাক্ট ইস্ট পলিসি’, নিতি আয়োগ, নর্থ ইস্ট কাউন্সিল এবং ডোনার মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে গত এক যুগে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ, অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। এর সুফল আজ সরাসরি ভোগ করছেন এই অঞ্চলের মানুষ।

মুখ্যমন্ত্রী আরও বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শী নেতৃত্বের ফলে উত্তর-পূর্বাঞ্চল আজ দেশের উন্নয়নের মূল ধারায় আরও দৃঢ়ভাবে যুক্ত হয়েছে।

অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন গত ১২ বছরের শাসনকালকে ‘মঙ্গলযাত্রা’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ২০১৪ সাল থেকে দেশের উন্নয়ন ও বিকাশের যে যাত্রা শুরু হয়েছে, তা আগামী ২০৪৭ সাল পর্যন্ত অব্যাহত থাকবে। এর লক্ষ্য হলো ভারতকে বিশ্বের অন্যতম শক্তিশালী ও আত্মনির্ভর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা।

সোনোয়াল বলেন, এক সময় উত্তর-পূর্বাঞ্চলকে অশান্তির অঞ্চল হিসেবে দেখা হতো। ত্রিপুরা, অসমসহ গোটা উত্তর-পূর্বাঞ্চলে সন্ত্রাস, বোমা বিস্ফোরণ, অপহরণ ও হত্যাকাণ্ড ছিল নিত্যদিনের ঘটনা। দেশের অন্যান্য প্রান্তের মানুষও এই অঞ্চলের নাম শুনে আতঙ্কিত হতেন। কিন্তু গত ১২ বছরে পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে। বর্তমানে উত্তর-পূর্বাঞ্চল শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি দাবি করেন, কেন্দ্রের সক্রিয় উদ্যোগ, উন্নয়নমুখী নীতি এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার ফলে উত্তর-পূর্বাঞ্চলে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটেছে। এর ফলে অঞ্চলটির অর্থনৈতিক সম্ভাবনা নতুনভাবে উন্মোচিত হয়েছে।

উল্লেখ্য, গত ১০ জুন প্রধানমন্ত্রী হিসেবে একটানা ৪,৩৯৯ দিন দায়িত্ব পালন করে নরেন্দ্র মোদী দেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন নজির স্থাপন করেছেন। সেই প্রেক্ষাপটেই কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরতে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক, দলীয় নেতা-কর্মী এবং সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন। জনকল্যাণ শিবিরে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং জনমুখী কর্মসূচির তথ্যও তুলে ধরা হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *