পাটনা, ২৬ নভেম্বর : সমাজ মাধ্যম প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল ‘যশ মাধেশ্বরী’-র পক্ষ থেকে বিহারের মহিলাদের প্রতি অশ্লীল ও আপত্তিকর মন্তব্য করার ঘটনায় বুধবার প্রাথমিক ভাবে অভিযোগ দায়ের করা হয়েছে পাটনা সাইবার থানায়। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সাম্প্রতিক এই ঘটনা প্রসঙ্গে পাটনা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সংশ্লিষ্ট ভিডিও বা ডিজিটাল কনটেন্টে বিহারের মহিলাদের প্রতি করা আপত্তিকর মন্তব্যের জেরে সমাজের শান্তি ও সম্প্রীতি নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, এর ফলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বৈরিতা ও উত্তেজনা সৃষ্টির একটি গুরুতর আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রশাসন বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেছে। ইতিমধ্যেই পুরো ঘটনাটি নিয়ে গভীরভাবে তদন্ত শুরু করেছে পুলিশ এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

