কলকাতা, ২৫ নভেম্বর : রাজ্যের সিনেমা হল ও মাল্টিপ্লেক্সগুলিতে বাংলা সিনেমাকে গুরুত্ব দিতে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। এই সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় আগেই নিয়েছেন বলে দাবি করলেন কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ।
রাজ্য সরকারের বক্তব্য, বাংলা সিনেমা চালাতেই হবে। শুধু তাই নয়, দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে বাংলা সিনেমা প্রদর্শনের জন্য নির্দিষ্ট সময়ও বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুর ৩টে থেকে রাত ৯টার মধ্যে বাংলা সিনেমার শো রাখতে হবে সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সগুলিতে। মঙ্গলবার নবান্ন সভাঘরে সিনেমা হল মালিকদের সঙ্গে বৈঠকে এমনই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
এর প্রেক্ষিতে কুণাল ঘোষ মঙ্গলবার রাতে জানিয়েছেন, একটা কথা বুঝছি না, সব সিনেমা হলে প্রাইম টাইমে বাংলা ছবি বাধ্যতামূলক, এটা তো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকাকালীনই ঠিক করে দিয়েছিলেন। তাহলে এখন আবার জট পাকানো বা জট খোলার গল্পটা আসছে কেন?
প্রসঙ্গত, মঙ্গলবার নবান্নের সভাঘরে ছবির প্রদর্শন নিয়ে সিনেমা হল মালিকদের ভূমিকা ও শো বণ্টন নিয়ে বৈঠক হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন অভিনেতা মিঠুন চক্রবর্তী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও টলিপাড়ার প্রযোজক, পরিচালক, সিনেপরিবেশক ও হল মালিকদের বড় অংশ।

