iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

হিজাব ছাড়া গান পরিবেশনে উদ্ভুত পরিস্থিতিতে সরব তসলিমা

নয়াদিল্লি, ২৫ নভেম্বর : হিজাব ছাড়া গান পরিবেশনের ভিডিওকে কেন্দ্র করে ইরানে উদ্ভুত ঘটনার কড়া সমালোচনা করলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

তাঁর মতে, “এটি ধর্মের নামে রাষ্ট্রীয় নির্যাতন। একজন নারীর শরীর, কণ্ঠস্বর ও শিল্পচর্চার ওপর ধর্মতান্ত্রিক শাসকদের কর্তৃত্ব প্রতিষ্ঠার নিষ্ঠুর ঘটনা।

শিল্পী পারাস্তু আহমাদি ও তাঁর দলের আরও চারজনকে সোমবার ৭৪ ঘা চাবুক মারা হয়েছে। তাঁদের ওপর ২ বছরের শিল্পচর্চা ও বিদেশভ্রমণের নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। আদালতের অভিযোগ ছিল অনলাইনে ‘অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু’ প্রকাশ করে জনশালীনতা লঙ্ঘন। ঘটনাটি পারাস্তু আহমাদির হিজাব ছাড়া গান পরিবেশনের ভিডিওকে কেন্দ্র করে।”

তসলিমা লিখেছেন, “একজন নারী গান গেয়েছেন। নিজের চুল ঢাকেননি। নিজের পছন্দের পোশাক পরেছেন। এই স্বাভাবিক কাজগুলোর জন্য তাঁর শরীরে চুয়াত্তরবার চাবুক চালানো হয়েছে। যে শাসনব্যবস্থা গানকে অশ্লীল বলে, অথচ মানুষের শরীরে চাবুক চালানোকে অনুমোদন দেয়, তার নৈতিকতার দাবিকেই প্রশ্ন করতে হবে। আদালতের সিলমোহর নির্যাতনকে ন্যায়বিচারে পরিণত করে না।

ইরানের বাধ্যতামূলক হিজাবের সঙ্গে নারীর স্বাধীন পছন্দের সম্পর্ক কোথায়? কোনও পোশাক প্রত্যাখ্যান করলে যদি রাষ্ট্র শাস্তি দেয়, তবে সেই পোশাকের বিধান সরাসরি আনুগত্য আদায়ের ব্যবস্থা। এখানে ধর্মীয় বিধানকে ব্যবহার করা হচ্ছে নারী কী পরবেন, কী করবেন, কোথায় তাঁর কণ্ঠস্বর শোনা যাবে—সব নির্ধারণ করার জন্য।

নারীর নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকারটিই কেড়ে নেওয়া হচ্ছে।

তাঁর সঙ্গে কাজ করা শিল্পীদের শাস্তি দেওয়ার মধ্যেও আমি বিচ্ছিরিরকম  ভয় দেখানোর চেষ্টা দেখি। একজন নারী নিষেধ অমান্য করলে তাঁর সঙ্গে কাজ করাও বিপজ্জনক করে তোলা হচ্ছে। এভাবে তাঁকে একা করে দেওয়া সহজ হয়; অন্য শিল্পীরাও কাজ করার আগে শাস্তির কথা ভাবতে বাধ্য হন।

এই ঘটনায় শুধু দুঃখ প্রকাশ যথেষ্ট বলে মনে করি না। পারাস্তু ও তাঁর সহকর্মীদের বিরুদ্ধে রায় বাতিল, তাঁদের শিল্পচর্চা ও চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ এবং নির্যাতনের জন্য দায়ীদের জবাবদিহি দাবি করা দরকার। একই সঙ্গে বাধ্যতামূলক হিজাব এবং চাবুক মারার শাস্তি বিলোপের দাবি জোর গলায় তুলতে হবে। ধর্মীয় বিধানকে  মানুষের অধিকার ও মর্যাদার মানদণ্ডে বিচার করতে হবে।

নারীর শরীরের মালিক নারী। তাঁর কণ্ঠস্বরের মালিকও তিনি। ধর্মগুরু, বিচারক কিংবা রাষ্ট্রের হাতে এই মালিকানা তুলে দেওয়া যায় না।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *